জাসদে দুটি কমিটি
ছয় বছর পর অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে নেতা নির্বাচন নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) বিভক্তি স্পষ্ট হয়ে গেছে। দলটিতে দুটি কমিটি ঘোষিত হয়েছে।
রাজধানীর মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশন থেকে বের হয়ে গতকাল শনিবার রাতে দলের একটি অংশ নতুন কমিটি ঘোষণা করে। এই কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
দলের অপর অংশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আর ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শিরীন আখতার।
জাসদ সূত্র জানায়, নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় ইনুকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সাধারণ সম্পাদক পদে নির্বাচন নিয়ে হইচই ও বাগ্বিতণ্ডার একপর্যায়ে দলের একটি অংশ গত রাতে অধিবেশন বর্জন করে। তারা জাতীয় প্রেসক্লাবে গিয়ে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি ঘোষণা করে।
উদ্ভূত পরিস্থিতিতে আজ রোববার জাসদের দুই পক্ষই তাদের নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে।
হাসানুল হক ইনু আজ বিকেল চারটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন। সেখানে তিনি সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবেন। মন্ত্রী আজ তাঁর মন্ত্রণালয়ে যাননি।
জাসদের অপর অংশের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া আজ প্রথম আলোকে বলেন, গত ৪০ বছরে দল (জাসদ) নিয়ে বহু রকম খেলা হয়েছে। ২০০২ সালের পর থেকে দলটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছে। কিন্তু গণতান্ত্রিক চর্চা থেকে বিচ্যুতির ফলে দলে বর্তমান পরিস্থিতি অনিবার্য হয়ে ওঠে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে তাঁরাই থাকবেন বলে মত এই নেতার।
আরও পড়ুন:-
জাসদে ভাঙন?