জাসদের ইনু অংশকে মশাল প্রতীক দেওয়ার পক্ষে দুই কমিশনার
খণ্ডিত জাসদের হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে ‘মশাল’ প্রতীক দেওয়ার পক্ষে মত দিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ। গতকাল মঙ্গলবার তাঁরা এ-সংক্রান্ত নথিতে ইনুর নেতৃত্বাধীন জাসদকে মশাল দেওয়ার পক্ষে সই করেছেন।
আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ও কমিশনার আবদুল মোবারক এ বিষয়ে তাঁদের মতামত দেওয়ার পর মশাল প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হবে। অপর কমিশনার আবু হাফিজ শুনানিতে না থাকায় মতামত দেননি।
জানতে চাইলে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘মশাল প্রতীক নিয়ে অনুষ্ঠিত শুনানিতে আমি উপস্থিত ছিলাম না। এ কারণে এ-সংক্রান্ত নথিতে সই করিনি। জাবেদ আলী ও শাহনেওয়াজ সাহেব সই করেছেন। সিইসি ও মোবারক সাহেব বাকি আছেন। তাঁদের মতামত পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গত ১২ মার্চ রাজধানীতে মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল হয়। কাউন্সিলের নির্বাচন পর্বে কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।
ভাঙনের পর নিবন্ধিত জাসদ কোনটি হবে এবং দলটির প্রতীক মশাল কারা পাবে, তা নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশন ৪ এপ্রিল উভয় পক্ষের শুনানি নেয়। কমিশন সচিবালয় সূত্র বলেছে, ‘জাসদ’ ও ‘মশাল’-এর মালিকানা দাবি করে ইনু-সমর্থিত জাসদের পক্ষ থেকে যেসব প্রামাণিক দলিলপত্র জমা দেওয়া হয়েছে, আম্বিয়া-সমর্থিত জাসদের পক্ষ তা দিতে পারেনি।