জাসদ ও বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা এক শ ভাগ ভণ্ড বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বর্তমান সরকারের জাসদের একজনকে মন্ত্রী করার সিদ্ধান্তের জন্য প্রায়শ্চিত্ত করতে হয় কি না, সেই শঙ্কার কথাও বলেছেন তিনি।
গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) দুই দিনব্যাপী ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। জাসদই বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ তৈরি করেছিল বলে অনুষ্ঠানে বলেন তিনি।
জন্মের পর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কয়েক দফা ভাঙনের কবলে পড়ে। সম্প্রতি নেতৃত্বের কোন্দলে জাসদ আবারও ভাঙে। এক অংশের সভাপতি হাসানুল হক ইনু সরকারের তথ্যমন্ত্রী। আরেক অংশের কয়েকজন সাংসদ রয়েছেন সংসদে। দুটি অংশই আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠকে অংশ নেয় এবং একসঙ্গে কর্মসূচি পালন করে।
স্বাধীনতার পরে জাসদের জন্মের প্রেক্ষাপট উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, ‘(বৈজ্ঞানিক সমাজতন্ত্রের ধারক-বাহকেরা) পরে অবশ্য জাসদ নামের একটা রাজনৈতিক সংগঠন করে। আর এখন আমাদের লেজুড়বৃত্তি। একজনকে মন্ত্রী দেওয়া হইছে। এই যে একটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিতে গিয়ে যদি একটা ভুল করে তার প্রায়শ্চিত্ত কিন্তু সারা জীবন করতে হয়।’ তিনি আরও বলেন, ‘জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর দেশে ফেরার আগেই এই বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা দেশটাকে আবার ছিন্নভিন্ন করার চেষ্টা করেছে। তারা ভণ্ড। তারা আপনার বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলছে। তারা এক শ ভাগ ভণ্ড।’
স্বাধীনতা-পরবর্তী জাসদের নানা বিতর্কিত কর্মকাণ্ড তুলে ধরে সৈয়দ আশরাফ বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা, সেটাকে এই জাসদ নামক বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা সম্পূর্ণ পরিকল্পিতভাবে ভিন্ন খাতে পরিচালিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন কোনো দিনই একটি কার্যকরী রাষ্ট্রে পরিণত হতে না পারে। এই বাংলাদেশের ইতিহাসের একটি অংশকে কীভাবে ষড়যন্ত্র করে একটা সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার প্রচেষ্টা হয়েছিল। এই প্রচেষ্টার অংশ হিসেবে যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার সমস্ত পরিবেশ সৃষ্টি না করত, তাহলে আজকের বাংলাদেশ ভিন্ন বাংলাদেশ হতো।’
জাসদের দেওয়া রাজনৈতিক এই ধাক্কা সামলানোর কথা বলতে গিয়ে সৈয়দ আশরাফ বলেন, এর অনেক দিন পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে আস্তে দলকে সংগঠিত করেছেন। নির্বাচনে জয়লাভ করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। বঙ্গবন্ধু জীবিত থাকলে দেশ আগেই অর্থনৈতিক অগ্রসরতা অর্জন করত। শুধু হঠকারীদের কারণে তা সম্ভব হয়নি।
ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রীরা অতি বিপ্লবী ছিল। তারা অনেক প্রতিক্রিয়াশীল ছিল। পূর্বের ইতিহাস জেনে এই হঠকারীদের এড়িয়ে চলবেন। বিপ্লব বিপ্লব করলে বিপ্লব হয় না। কাজ করতে হবে। আপনাদের শিক্ষিত হতে হবে। আপনার মেধা জাতির জন্য কাজে লাগাতে হবে।’
এর আগে সারা দেশ থেকে আসা ছাত্রলীগের নেতারা তাঁদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি-দুর্বলতা তুলে ধরেন। অধিকাংশ নেতাই নিজ নিজ এলাকার সাংসদের বিষোদ্গার করেন। অনেকে সাংসদ ও দলীয় নেতাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে বাণিজ্যের অভিযোগ করেন।
অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান সভাপতি সাইফুর রহমান ও এস এম জাকির হোসাইন ছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ইসহাক আলী খান, সুজিত রায় নন্দী, লিয়াকত শিকদার প্রমুখ।