জাসদের ঐক্য প্রক্রিয়ায় অগ্রগতি নেই
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ঐক্য প্রক্রিয়ায় কোনো অগ্রগতি নেই। কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের দুই পক্ষকে নিয়ে গতকাল বৃহস্পতিবার বৈঠক করলেও কোনো সমাধান হয়নি।
জাসদ সূত্রে জানা গেছে, যেসব কারণে পুরোনো এই দলটিতে ভাঙন দেখা দিয়েছে, তা নিয়ে আলোচনার উদ্দেশ্যে গতকাল সাংসদ লুৎফা তাহেরের মোহাম্মদপুরের বাসায় বৈঠক হয়। বৈঠকে হাসানুল হক ইনু ও শিরীন আখতার এবং অরেক পক্ষে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান উপস্থিত ছিলেন। বিকেলে শুরু হয়ে রাত নয়টা পর্যন্ত বৈঠক চললেও ঐক্যের কোনো আভাস মেলেনি।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে গতকাল রাতে লুৎফা তাহের বা শিরীন আখতার কেউই মন্তব্য করতে রাজি হননি। তবে জাতীয় প্রেসক্লাবে ঘোষিত জাসদের একাংশের কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রথম আলোকে বলেন, ‘আমরা বলেছিলাম, যে সম্মেলন হয়েছে সেটি বাতিল করতে হবে। কিন্তু তারা রাজি হচ্ছে না। ফলে মূল আলোচনা এক জায়গায় আটকে যাচ্ছে। তবে আরও হয়তো আলোচনা হবে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়?’
গত ১২ মার্চ রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। ওই পদে প্রার্থী ছিলেন দলের দুই সাংসদ শিরীন আখতার ও নাজমুল হক প্রধান। এখন তাঁরা দুজনই দুই পক্ষের সাধারণ সম্পাদক। অন্যদিকে হাসানুল হক ইনু ছাড়াও আরেক অংশের সভাপতি হন শরীফ নুরুল আম্বিয়া। তাঁর সঙ্গে কার্যকরী সভাপতি পদে আছেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল।
নির্বাচন কমিশন হাসানুল হক ইনুকে মশাল দিয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিরোধীরা।