জাসদের দুই অংশ পৃথক কর্মসূচি পালন করল
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুটি অংশ গতকাল বৃহস্পতিবার আলাদা কর্মসূচি পালন করেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদ স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা মিছিলের আয়োজন করে। আর জাতীয় সংসদের এমপি হোস্টেলে সংবাদ সম্মেলন আয়োজন করে বিভক্তির কারণ তুলে ধরে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন সংগঠনের অপর কমিটি।
বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তুলে হাসানুল হক ইনু বলেন, ওই নেত্রী ও দল বাংলাদেশের জন্য বিপজ্জনক। সমৃদ্ধ দেশ গড়তে ‘জঙ্গিবাদ এবং জঙ্গি পাহারাদার বিএনপি-খালেদা জিয়াকে’ বর্জন করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ইনু এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে ইনু বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। এ যাত্রাকে আরও একধাপ এগিয়ে নিতে দেশকে জঙ্গি-রাজাকার, বৈষম্য ও দলবাজি-দুর্নীতি থেকে মুক্ত করতে হবে।
শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন জাসদের বিদ্রোহী অংশ গতকাল সকালে আলাদা সংবাদ সম্মেলন করে। সমাবেশ শেষে হাসানুল হক ইনুর সঙ্গে এ বিষয়ে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।
জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার, স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জাসদের সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এদিকে শরীফ নূরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বিদ্রোহী কমিটির নেতারা দাবি করেন, দলে তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। সুতরাং নির্বাচন কমিশনে নিবন্ধিত ১৩ নম্বর দলটির নেতৃত্বে তাঁরাই থাকবেন এবং দলীয় প্রতীক ‘মশাল’ তাঁদেরই।
গতকাল সংবাদ সম্মেলনে শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, সাংসদ মঈন উদ্দীন খান বাদল, মুশতাক আহমেদসহ কেন্দ্রীয় স্থায়ী কমিটির সাত সদস্য উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে নাজমুল হক প্রধান বলেন, নির্বাচনী কাউন্সিলে হাসানুল হক ইনুর অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ কোনো আকস্মিক ঘটনা নয়, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। তিনি বলেন, কেউ কেউ জঙ্গিবাদ খতমের কথা বলে মুখে ফেনা তুলে সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে ব্যক্তিগতভাবে সৌভাগ্যবান হচ্ছেন। ১৯৯৬ সালে আওয়ামী ক্ষমতায় আসার পর তাঁরা ভোল পাল্টে ফেলেন।
প্রধান আরও বলেন, ‘আমরা রাজনৈতিক কারণেই ১৪ দলের অংশীদার। ১৪ দলের ভেতরে আত্মসমালোচনার মাধ্যমে ভুল সংশোধন করে মহাজোট সরকারের সাফল্য নিশ্চিত করতে চাই।’
এক প্রশ্নের জবাবে বাদল বলেন, ‘জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের মালিক শ্রমিকনেতা আবদুল কাদের, শরীফ নূরুল আম্বিয়া, কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনু। এর মধ্যে কাজী আরেফ মারা গেছেন। আবদুল কাদের আমাদের সমর্থন জানিয়েছেন। এ কার্যালয়ের জন্য প্রয়োজনে আদালতে যাব।’ বাদল আরও বলেন, ‘ছয়জন সাংসদের মধ্যে চারজন আমাদের সঙ্গে। দলের স্থায়ী কমিটির ১৪ জনের একজন মারা গেছেন। একজন অসুস্থ, আরেকজন তাঁর অবস্থান পরিষ্কার করেননি। বাকি ১১ জনের মধ্যে মধ্যে সাতজন আমাদের সঙ্গে আছেন।’
১১ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে জাসদের সম্মেলন উদ্বোধন হয়। ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে অনুষ্ঠিত হয় কাউন্সিল। কাউন্সিলে নির্বাচন পর্বে সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে গন্ডগোল শুরু হয়। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ জাতীয় প্রেসক্লাবে গিয়ে শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে।