জাসদের দুপক্ষই অনড়, তবু সমঝোতার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দুটি কমিটি ঘোষণার পর দুই পক্ষই অনড় অবস্থানে রয়েছে। জাসদের সাবেক ও কয়েকজন প্রবীণ নেতা মধ্যস্থতার চেষ্টা করলেও সেই অর্থে কোনো অগ্রগতি হয়নি। দুই পক্ষই নতুনভাবে সাংগঠনিক কর্মকাণ্ড শুরুর প্রস্তুতি নিচ্ছে।
গত শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। ওই পদে প্রার্থী ছিলেন দলের দুই সাংসদ শিরীন আখতার ও নাজমুল হক প্রধান। এখন তাঁরা দুজনই দুই পক্ষের সাধারণ সম্পাদক।
দলে বিভক্তি চূড়ান্ত হওয়ার পর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের মালিকানা, দলের মশাল প্রতীক, দুই পক্ষের ছয় সাংসদের সদস্যপদ এবং সরকারের সঙ্গে দুই পক্ষেরই থাকার ঘোষণা নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে।
জানতে চাইলে জাসদের সাবেক নেতাদের একজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই পক্ষকে বোঝানোর চেষ্টা করছি। সাধারণত আদর্শগত কারণে বাম সংগঠনে বিভক্তি হয়। কিন্তু দৃশ্যত যে কারণে দুটি কমিটি হয়েছে, তা নিয়ে বসলে সমাধান আসতে পারে।
জানতে চাইলে শিরীন আখতার প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই তাঁরা ফিরে আসুন। জাসদের শুভাকাঙ্ক্ষীরা দুই পক্ষের সঙ্গে কথা বলছেন।’ তবে তিনি বলেন, আগে ওই কমিটি বাতিল ঘোষণার পাশাপাশি আজেবাজে কথা বন্ধ করতে হবে।
কাউন্সিলরদের গোপন ভোটে শিরীন আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা দিলেও এটা মানতে নারাজ বিরোধী পক্ষ। তারা বলছে, সাধারণ সম্পাদক পদে ভোট গ্রহণ নিয়ে নাটক করা হয়েছে।
কাউন্সিল বয়কট করে জাতীয় প্রেসক্লাবে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান প্রথম আলোকে বলেন, ‘কণ্ঠভোটের এই খেলা বাতিল করতে হবে। আমরা বেরিয়ে আসার পর যে প্রহসনের নির্বাচন হয়েছে তা লজ্জাকর। আমরা চাই, নতুন করে কাউন্সিল অধিবেশন ডেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট নেওয়া হোক।’
দেশের বাইরে থাকায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্য পাওয়া যায়নি।
গত সোমবার জাসদের বিদ্রোহী অংশ ১৪ দলের সমন্বয়কারী ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে তাঁর বাসায় বৈঠক করেছে। এ সময় বিদ্রোহী কমিটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া এবং কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদল উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে শরীফ নূরুল আম্বিয়া প্রথম আলোকে বলেন, ‘আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে মত বিনিময় করেছি। ১৪ দলের পরবর্তী বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে।’
এ প্রসঙ্গে বিরোধীদের একজন মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, ১৪ দল ও সরকারে না থাকার যে প্রস্তাব তিনি দিয়েছিলেন, সেটি কাউন্সিল গ্রহণ করেনি। এটা সবাই মেনে নিয়েছেন। কিন্তু সুষ্ঠু নির্বাচন প্রশ্নে ছাড় দিতে তাঁরা রাজি নন।