জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঐক্যের আহ্বান নাসিমের
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দলটিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার বিকেলে দলটির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশন থেকে বের হয়ে দলটির একাংশ নতুন কমিটি ঘোষণা করে। ঘোষিত ওই কমিটির সভাপতি হন শরীফ নুরুল আম্বিয়া। সাধারণ সম্পাদক হন নাজমুল হক প্রধান। অন্যদিকে হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা হয় ওই কাউন্সিলে।
গতকালের আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ওই কাউন্সিলের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘আপনাদের সম্মেলনে আমি এসেছিলাম। বলেছিলাম এমন বিভক্তি আমরা চাই না। আমরা চাই আপনারা আরও শক্তিশালী হোন। ঐক্যবদ্ধ হোন। ঐক্যের কোনো বিকল্প নাই।’
মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘আমি আবারও বলছি, যদি সম্ভব হয় সবাই মিলে একসঙ্গে থাকবেন। আপনাদের সবার ভালো হবে।’
জাসদ সভাপতি হাসানুল হক ইনু তাঁর বক্তব্যে ‘জঙ্গিবাদ ও পাকিস্তানপন্থার ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে’ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণা করলেও দলের ঐক্যের বিষয়ে কোনো কথা বলেননি। তাঁর বক্তব্যের আগে দেওয়া লিখিত বক্তব্যে বলা হয়, ‘জাসদ নেতাদের দল না, কর্মীদের দল। তাই জাসদের প্রতিষ্ঠাতা বা শীর্ষ নেতারা দল পরিত্যাগ করলেও কর্মীরা জাসদকে ধরে রাখে।’
সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য আনিসুর রহমান মল্লিক বক্তব্য দেন।
এদিকে প্রায় একই সময়ে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা করে জাসদের শরীফ নুরুল আম্বিয়ার নেতুত্বাধীন অংশ। হাসানুল হক ইনুর উদ্দেশে এ অংশের সভাপতি নুরুল আম্বিয়া বলেন, ক্ষমতার ক্ষুদ্র ভাগীদার হয়ে যাঁদের মাথা ঠিক থাকে না, তাঁদের পক্ষে জাতীয়ভিত্তিক দল গড়া সম্ভব নয়।
লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, জাসদ ছিল তারুণ্যের প্রতীক। লাখ লাখ তরুণ অভূতপূর্ব উদ্দীপনা নিয়ে জাসদের ডাকে জীবন দিয়েছেন। সেই জাসদের বিভক্তিতে হতাশ হওয়ার কিছু নেই, যাঁদের নীতি-আদর্শ আছে তাঁরাই শেষ পর্যন্ত এগিয়ে যাবেন।
সভায় আরও বক্তব্য দেন এ অংশের কার্যকরী সভাপতি মইন উদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, জাসদের কেন্দ্রীয় নেতা মোস্তাক হোসেন প্রমুখ।
এদিকে আ স ম আবদুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পৃথক আলোচনা সভার আয়োজন করে।