জাসদের 'মশাল' কোন অংশ পাবে?
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ‘মশাল’ প্রতীক কোন অংশ পাবে, তা নিষ্পত্তির দায়িত্ব আদালতের ওপর ছেড়ে দিতে চায় নির্বাচন কমিশন। কমিশন সচিবালয়ের একাধিক শীর্ষ কর্মকর্তা জানান, দল ভাগ হলে প্রতীক নিয়ে বিরোধ মেটানোর ক্ষমতা তাঁদের নেই।
কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, দল ভাগ হয়ে গেলে কে আসল আর কে নকল, সেটা নির্ধারণের জন্য আদালতের কাছে যাওয়াই ভালো।
এদিকে মহাজোট সরকার বা ১৪ দলের পক্ষ থেকে জাসদের দুটি অংশকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য সরকারপ্রধানের এই মনোভাবের কথা সম্প্রতি জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে জানান। সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত শনিবার জাসদের সাবেক ও প্রবীণ কয়েকজন নেতা ধানমন্ডিতে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে বৈঠক ডাকেন। এ সময় দুই কমিটির সভাপতি, কার্যকরী সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাবেক ও বর্তমান কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
জাসদের সাবেক নেতাদের একজন প্রকৌশলী মুনীরউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। আরও আলোচনা হবে।
২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোট। ৭ এপ্রিল প্রার্থীদের প্রতীক দেওয়া হবে। এ অবস্থায় কোনো ইউনিয়নে জাসদের দুই অংশের প্রার্থী থাকলে ‘মশাল’ কে পাবেন, তা নিয়ে জটিলতা তৈরি হবে।
কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে একসঙ্গে মানুষগুলো নিজেদের বিরোধ নিষ্পত্তি করতে পারেনি। নির্বাচন কমিশন চাইলেই সেই বিরোধ নিষ্পত্তি করতে পারে না।
গত ১২ মার্চ মহানগর নাট্যমঞ্চে জাসদের কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন নিয়ে এই বিভক্তি ঘটে। এক পক্ষ হাসানুল হক ইনুকে সভাপতি ও শিরীন আখতারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে। অপর পক্ষ শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি ও নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ঘোষণা করে।