জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জনের ঘোষণা বিএনপিপন্থী শিক্ষকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকেরা। আজ সোমবার এক বিবৃতিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শিক্ষকেরা এ ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাবর্তনের বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনা করেনি বলে অভিযোগ করা হয় বিবৃতিতে। ৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা।

বিএনপিপন্থী শিক্ষকদের ওই বিবৃতিতে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন একটি সর্বজনীন অনুষ্ঠান। আমরা আশা করেছিলাম প্রশাসন বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সঙ্গে আলোচনা করে সমাবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রশাসন কোনো ধরনের আলোচনা করেনি। তা ছাড়া দেশে বর্তমানে অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিদ্যমান। এই পরিস্থিতি সমাবর্তন অনুষ্ঠানের জন্য অনুকূল নয়। একই সঙ্গে আমরা জানতে পেরেছি সমাবর্তনে এমন কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন, যাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ বিরোধী নেতা-কর্মীদের ওপর নির্যাতন নিপীড়নে ভূমিকা রাখছেন। তাই এই পরিস্থিতিতে আমরা সমাবর্তন বর্জন করতে বাধ্য হচ্ছি।’

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষক খন্দকার মুস্তাহিদুর রহমান, ফোরামের সাধারণ সম্পাদক মো. শামছুল আলম, প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও সিন্ডিকেট সদস্য সৈয়দ মোহম্মদ কামরুল আহছান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের শিক্ষক মোহাম্মদ কামরুল আহসান প্রমুখ।
ককটেল বিস্ফোরণ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের বাসার সামনে আজ রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সোয়া আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের বাসার সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
এর আগে গত ১৯ জানুয়ারি রাতে উপাচার্যের বাসভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনায় পরদিন ছাত্রদলের চারজনকে আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।