জি এম কাদের ও হাওলাদার জাপার মুখপাত্র দায়িত্বেও
জাতীয় পার্টির (জাপা) নবনিযুক্ত কো-চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে দলের মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।
গতকাল সোমবার দলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এরশাদের রাজনৈতিক সচিব সুনীল শুভরায়ের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে জি এম কাদের অথবা এ বি এম রুহুল আমিন হাওলাদার গণমাধ্যমে জাতীয় পার্টি সম্পর্কে বক্তব্য দেবেন। বিচ্ছিন্নভাবে কারও মন্তব্য, বক্তব্য বা বিবৃতি জাতীয় পার্টির বক্তব্য বলে বিবেচিত হবে না।
এর আগে গত ১৭ জানুয়ারি রংপুরে এক সংবাদ সম্মেলনে এরশাদ তাঁর ছোট ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেন। এ নিয়ে দলের রওশনপন্থী নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপর ১৯ জানুয়ারি ঢাকায় ফিরে এরশাদ দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব নিযুক্ত করেন।