জি এম কাদেরপত্নীও যাচ্ছেন সংসদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও তাঁর স্ত্রী শেরীফা কাদের
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরীফা কাদের।

বুধবার গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে দলটি এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টায় শেরীফা কাদের নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন।

জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে সংসদে নারীদের জন্য সংরক্ষিত ৪৫ নম্বর আসনটি শূন্য হয়। সংবিধানের নিয়ম অনুযায়ী, উপনির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীই সেখান থেকে নির্বাচিত হবেন। আর দল মনোনীত একক প্রার্থীরাই প্রতিটি সংরক্ষিত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে শেরীফা কাদেরই সংসদ সদস্য হতে চলেছেন।

শেরীফা কাদের জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টার পাশাপাশি দলটির সাংস্কৃতিক কর্মীদের শাখা জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতির পদে আছেন। তিনি লালমনিরহাট জেলা কমিটিরও সভাপতি।