ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) হাবিবুর রহমানকে প্রত্যাহারের দাবিতে সাত জেলার ডিলাররা অনির্দিষ্টকালের জন্য সার উত্তোলন বন্ধ করে দিয়েছেন। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, আশুগঞ্জ সার কারখানার অধীন জেলাগুলো হলো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও চাঁদপুর। এসব জেলার ৭৪৮ জন ডিলার কারখানা থেকে সার সংগ্রহ করা বন্ধ রেখেছেন। প্রতিদিন এই কারখানা থেকে দেড় হাজার টন সার সরবরাহ করা হয়।
গত ২৪ নভেম্বর বাংলাদেশ সার অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের ডিলাররা এ বিষয়ে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) চেয়ারম্যানের কাছে একটি লিখিত অভিযোগ দেন। আশুগঞ্জ সার কারখানা কর্তৃপক্ষের গাফিলতির জন্য বিভিন্ন সময় আমদানি করা বস্তাবন্দী ইউরিয়া সার ছেঁড়া, ফাটা, শক্ত ও ওজনে কম দিয়ে ডিলারদের সরবরাহ করা হয় বলে তাঁরা অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন। ওই তদন্ত কমিটি তদন্ত করে অভিযোগের সত্যতা পায়।
এ বিষয়ে বশিরুল হক ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ওজনে কম ও নিম্নমানের সার দেওয়ার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।
অভিযোগ ও সার ডিলার সমিতি সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছর থেকে ২০১৫-১৬ অর্থবছর পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ইউরিয়া সার আমদানি করা হয়েছে। আমদানি করা এসব সার এবং কারখানায় উৎপাদিত সার ব্রাহ্মণবাড়িয়াসহ কারখানার তালিকাভুক্ত সাত জেলার ডিলারদের কাছে সরবরাহ করা হয়। আমদানিকৃত সার প্রতি বস্তায় ৫০ কেজি করে থাকার কথা। দাপ্তরিক কাজের সময় সকাল আটটা থেকে বিকেল পাঁচটা হলেও হাবিবুর রহমান আমদানি করা সার রাতেও সরবরাহ করেন। সার সরবরাহের সময় তিনি ডিলারদের কাছ থেকে উৎকোচ নেন। আমদানি করা বস্তার সারে বালু ও ছাই মিশ্রিত থাকে। প্রতি বস্তায় ৪ থেকে ১২ কেজি সার কম পাওয়া যায়। অনেক বস্তার সার জমাট বেঁধে শক্ত হয়ে গুণগত মান নষ্ট হয়ে গেছে।
ডিলাররা অভিযোগ করেন, কর্তৃপক্ষ গত সপ্তাহে হাবিবুর রহমানকে প্রত্যাহার করে। মঙ্গলবার আবারও তাঁকে এ পদে বহাল করা হয়। নিম্নমানের সার ও ওজনে কম দেওয়ার বিষয়টি জেলা প্রশাসনের তদন্ত কমিটিও প্রমাণ পেয়েছে। বিষয়টি বিসিআইসি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানোর পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই সাত জেলার ডিলাররা সার সংগ্রহ বন্ধ রেখেছেন।
এ প্রসঙ্গে গতকাল রাতে হাবিবুর রহমানের মুঠোফোনে ফোন করে অভিযোগের বিষয়ে জানতেই চাইলে তিনি লাইন কেটে দেন।
আশুগঞ্জ সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ শাহ কামরান প্রথম আলোকে বলেন, ‘কাগজে হাবিবুর রহমান সম্পর্কে কোনো প্রমাণ হয়েছে এমন কিছু আমার কাছে আসেনি। তাঁকে প্রয়োজনেই এই পদে আবার আনা হয়েছে। সার সংগ্রহ বন্ধ প্রসঙ্গে আলোচনা চলছে।’