জিএসপি না পেলে ষড়যন্ত্রই হবে এর কারণ: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যুক্তরাষ্ট্রে বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি পেতে সব ধরনের শর্ত পূরণ করা হয়েছে। আশা করছি, আগামী বছরের মধ্যে আমরা জিএসপি সুবিধা ফিরে পাব। যদি না পাই তবে রাজনৈতিক ষড়যন্ত্রই হবে এর একমাত্র কারণ।
গতকাল শনিবার চাঁদপুরের কচুয়া উপজেলার হাসিমপুর ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, জিএসপি বন্ধ থাকায় পণ্য রপ্তানিতে কোনো সমস্যা হয়নি। এর পরও আমরা সাত বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করি। আমেরিকায় আমাদের পণ্যবাজার উন্মুক্ত রয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৬ শতাংশের বেশি। এ হার ৮ থেকে ১০ শতাংশে উন্নীত করতে হলে পুরুষের পাশাপাশি দেশের নারীকে কাজে লাগাতে হবে।
অর্থমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের যেই রূপকল্প ঘোষণা করেছেন, তা রূপান্তরিত হবেই। আমরা শিক্ষা খাতে এগিয়ে যাচ্ছি। আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্যসহ বিভিন্ন সেক্টরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।’
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও রেলমন্ত্রী মুজিবুল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, এই সরকারের আমলেই বিনা মূল্যে বই দেওয়া হয়েছে। শেখ হাসিনার হাত ধরে শিক্ষার প্রচার-প্রসার ঘটছে। আন্তর্জাতিক পর্যায়ে সুনাম-সুখ্যাতি বাড়ছে।
রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, শিক্ষা খাতে বঙ্গবন্ধু সবচেয়ে বড় অবদান রেখেছেন। আর বঙ্গবন্ধুর এই অবদানকে ভিত্তি করে শেখ হাসিনার সরকার এগিয়ে যাচ্ছে। যেখানে নারী শিক্ষার প্রসার ঘটেছে।