জিএসপি ফিরিয়ে দেওয়ার আহ্বান রওশন এরশাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, জিএসপি সুবিধা ফিরে পেতে দুই বছর আগে যুক্তরাষ্ট্র যে ১৬টি শর্ত দিয়েছিল, তার প্রায় সবগুলোই বাংলাদেশ পূরণ করেছে। আর জিএসপি সুবিধা ফিরে পাওয়া বাংলাদেশের এখন ন্যায্য দাবি। দ্রুত বাংলাদেশের জিএসপি ফিরিয়ে দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান। 

আজ সোমবার বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে তাঁর বাসভবনে রাজনীতিবিষয়ক যুক্তরাষ্ট্রের পরবর্তী আন্ডার সেক্রেটারি টম শেনন সাক্ষাৎ করতে গেলে বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান। বিরোধীদলীয় নেতার জনসংযোগ কর্মকর্তা মামুন হাসানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রওশন এরশাদ বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আর এ ক্ষেত্রে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করে আরও এগিয়ে যেতে চায়। তিনি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে বিরোধীদলীয় রওশন বলেন, বাংলাদেশ প্রতিবছর জলবায়ুর পরিবর্তনে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ক্ষতির হাত থেকে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে রক্ষা করার জন্য দরকার সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের ঐতিহাসিক চুক্তির পরিপূর্ণ বাস্তবায়ন। বাংলাদেশ নিম্ন কার্বন ও জলবায়ু সহনশীল পর্যায়ে রাখতে কাজ করে যাচ্ছে। আর এ ক্ষেত্রে উন্নত দেশগুলোর সহযোগিতা জান রওশন এরশাদ।
এক প্রশ্নের উত্তরে টম শেনন বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে জিএসপি সমস্যা সমাধানের জন্য আন্তরিক। এ ছাড়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি রোধে যুক্তরাষ্ট্র কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও উত্তরোত্তর বৃদ্ধির জন্য তাঁর সরকার কাজ করে যাচ্ছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দীন, সাংসদ সাংসদ ফখরুল ইমাম ও রওশন আরা মান্নান; যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মনপ্রিত সিং, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট প্রমুখ।