জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণা চাপাবাজি: রিজভী

জিডিপি প্রবৃদ্ধি বাড়ার সরকারি ঘোষণাকে চাপাবাজি বলছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির এই নেতা বলেন, বর্তমান ভোটারবিহীন সরকারের সীমাহীন লুটপাট আর দুর্নীতিতে আর্থিক খাত ধ্বংস হয়ে গেছে, রাজকোষ কেলেঙ্কারিসহ সমস্ত ব্যাংক লুট করে ফোকলা করে দেওয়া হয়েছে, ব্যাংকে স্বাভাবিক লেনদেনেও বর্তমানে প্রভাব পড়ছে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কমতে কমতে এখন সর্বনিম্ন পর্যায়ে, রেমিট্যান্সে ধস নেমেছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘দুঃশাসনের কবলে পড়ে দেশি-বিদেশি বিনিয়োগে স্থবিরতা বিরাজ করছে, রপ্তানি আয় কমছে ব্যাপক হারে, উন্নয়নের নামে দেশজুড়ে হরিলুট চলছে, সারা দেশের সড়ক-মহাসড়ক, ব্রিজ-কালভার্টের বেহাল দশা, খুলনা-যশোর মহাসড়কের খানাখন্দ বেহাল দশা সংস্কার দাবিতে আজও ১৫ জেলায় পরিবহন ধর্মঘট চলছে, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-উত্তরাঞ্চল সড়কে যানজটে পড়ে মানুষের দুর্ভোগের সীমা নেই।’
রিজভী বলেন, গ্লোবাল কম্পেটিটিভ ইনডেক্স বলছে, এশিয়ার মধ্যে নেপালের পরেই সবচেয়ে খারাপ রাস্তা বাংলাদেশে। অন্যান্য দেশের তুলনায় দ্বিগুণ-তিন গুণ অর্থ ব্যয়ে রাস্তা নির্মাণ করা হলেও কয়েক বছরের মাথায় ভয়াবহ দুর্গতি হচ্ছে রাস্তাগুলোর। দ্রুত পুনর্নির্মাণ করার প্রয়োজন পড়ছে। অর্থাৎ আবারও নতুন বাজেট, নতুন লেনদেন, নতুন ভাগ-বাঁটোয়ারা, নতুন চুরির সুযোগ করে দেওয়া হয়।
সাবেক এই ছাত্রনেতা বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি বিরাট দুর্নীতি ও চুরির মহাবিদ্যালয়, যেখানে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের শিক্ষা দেওয়া হয়। চুরি বিদ্যা মহাবিদ্যা একমাত্র আওয়ামী লীগই অর্জন করেছে। আর এসবের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা, জালিয়াতি ও জাল নথির মাধ্যমে বানোয়াট মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে।
রুহুল কবির রিজভী বলেন, ‘জেলখানায় বেগম খালেদা জিয়াকে তাঁর প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। দেশবাসী অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি চায়। এখন তাঁর মুক্তি নিয়ে যে টালবাহানা চলছে, তা জনগণের মধ্যে ব্যাপক ক্রোধ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারকে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রীর কারামুক্তি নিয়ে নিষ্ঠুর ষড়যন্ত্র বন্ধ করুন। আর যদি না করেন, তাহলে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না।’