জিয়া খুনিদের রাজত্ব কায়েম করেছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়ে জিয়াউর রহমান এ দেশে খুনিদের রাজত্ব কায়েম করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনকি বর্তমানে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদের বিরুদ্ধেও বঙ্গবন্ধুর খুনিদের পুনর্বাসিত করার অভিযোগ আনেন তিনি। 
গতকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জিয়া ১৫ আগস্টের খুনিদের পুনর্বাসিত করেন। এরপর এরশাদ ক্ষমতায় এসে কর্নেল ফারুক ও কর্নেল রশীদকে দিয়ে রাজনৈতিক দল করান। মেজর হুদাকে সংসদ সদস্য করেন। খালেদা জিয়া ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে রশীদ ও হুদাকে সংসদ সদস্য বানান। তিনি বলেন, ‘আমাকে বহুবার হত্যার চেষ্টা করা হয়। শুধু ২১ আগস্ট (২০০৪) নয়, ’৮৮ সালের ২৪ জানুয়ারি এরশাদের আমলে চট্টগ্রামের লালদীঘির ময়দানে আমাকে হত্যার উদ্দেশ্যে পুলিশ গুলি চালায়। খালেদা জিয়া এর দোসর ছিলেন। কারণ, ওই সময় যে পুলিশ কর্মকর্তা রকিবুল হুদা গুলির নির্দেশ দিয়েছিলেন, তাঁকে পরে খালেদা জিয়া প্রমোশন দিয়েছিলেন।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার সাত দিনের মধ্যে খুনি মোশতাক জিয়াকে সেনাপ্রধান করল। এরপর জিয়া ক্ষমতা দখল করল। জিয়া ভুট্টোর সঙ্গে যোগাযোগ করে। আর ভুট্টো গাদ্দাফিকে অনুরোধ করেছিল খুনিদের আশ্রয় দিতে। এরপর তাদের দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করা হলো। আর যে শমসের মবিন, এখন বিএনপির নেতা। বঙ্গবন্ধু যাকে জার্মানিতে পাঠিয়ে চিকিৎসা করিয়েছিলেন, সেই বেইমানটা খুনিদের বিদেশে নিয়ে গিয়ে তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছিল।’
শেখ হাসিনা বলেন, জিয়া ক্ষমতায় এসে সেনা ও বিমানবাহিনীতে নির্বিচারে হত্যাযজ্ঞ চালান। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাদা মাইক্রোবাসে করে ধরে নিয়ে গুম করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত খুনের আসামি ও যুদ্ধাপরাধীদের ছেড়ে দেন। রাজাকার-আলবদর-আলশামস, যারা এ দেশের নাগরিকত্ব ছেড়ে পাকিস্তানে আশ্রয় নেয়, তাদের দেশে ফিরিয়ে আনেন। সামরিক আইন জারি করে তাদের রাজনীতি ও ভোটাধিকার ফেরত দেন। সর্বোপরি খুনিদের একটা রাজত্ব কায়েম করেন।
বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, জেল-জুলুম এবং তখন তাঁর সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকাও উঠে আসে বঙ্গবন্ধুকন্যার বক্তব্যে। তিনি বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কারাগারে। প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাব দেয় সরকার। দলের অনেক নেতা এতে সায় দিয়ে ফজিলাতুন্নেসাকে পরামর্শ দেন যে এই প্রস্তাব না মানলে আপনাকে বিধবা হতে হবে। তখন বঙ্গবন্ধুর স্ত্রী বলেছিলেন, আরও তো ৩৪ জন আসামি আছে। তাদের পরিবারের কী হবে? কতটা ত্যাগী হলে মানুষ এই কথা বলতে পারে।
প্রধানমন্ত্রী ছাত্রলীগের নেতাদের উদ্দেশে বলেন, রাজনীতি হচ্ছে দুই ধরনের। একটা ভোগের, আরেকটা ত্যাগের। কিছু পাওয়ার জন্য নয়, দেওয়ার জন্য রাজনীতি করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন করতে হবে। বঙ্গবন্ধু সবার প্রেরণা। যাঁরা সম্পদের খোঁজে ছিলেন, তাঁরা হারিয়ে গেছেন।
সমাবেশে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্ট কেক কেটে জন্মদিন পালনের পর বিএনপির সঙ্গে আর কর্মসম্পর্ক থাকতে পারে না। সংলাপের আর পরিবেশ নেই।
ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম তাঁর বক্তৃতায় তারেক রহমানকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে না আনলে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করার হুমকি দেন।
সমাবেশ উপলক্ষে সারা দেশ থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ঢাকায় আসেন। তাঁদের বহনকারী শত শত বাস ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে রাখা হয়। এ সময় শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় এলাকা এবং সোহরাওয়ার্দী উদ্যানের পাশের রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়। এ সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। দূরদূরান্ত থেকে আসা বাসগুলোতে ব্যানার ছিল। দুপুরের দিকেই সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত প্যান্ডেল ভরে যায়। বিকেল চারটা নাগাদ প্যান্ডেলের বাইরের মাঠ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত জমায়েত বিস্তার লাভ করে।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিতে সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংসদ তারানা হালিম প্রমুখ।
সমাবেশ ছেড়ে গেলেন তোফায়েল: প্রধানমন্ত্রী আসার আগেই বিকেল চারটার দিকে সমাবেশস্থলে আসেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি সভামঞ্চে উঠতে গেলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ অন্য নেতারা তাঁকে মঞ্চের নিচে অতিথিদের আসনে গিয়ে বসতে বলেন। এরপর তোফায়েল আহমেদ নিচে অতিথির আসনে কয়েক মিনিট বসেন। এরপর সমাবেশস্থল ত্যাগ করেন।
পরে এ ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি হওয়ায় আমরা তাঁকে মঞ্চে ডেকেছিলাম। কিন্তু তিনি আসেননি। হয়তো বুঝতে পেরেছিলেন, তিনি সমাবেশের নির্ধারিত আলোচক নন। এ জন্য মঞ্চে আসেননি। তবে কেন চলে গেলেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন।’ সিদ্দিকী নাজমুলের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে জানতে তোফায়েল আহমেদের ব্যক্তিগত মুঠোফোনে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি ধরেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।