জিয়া-মোশতাকের উত্তরসূরিরাই বারবার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
জিয়াউর রহমান ও খন্দকার মোশতাক আহমদের প্রত্যক্ষ মদদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, তাঁদের উত্তরসূরিরাই বারবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করছে।
আজ শুক্রবার বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) আয়োজিত ‘১৫ আগস্টের ধারাবাহিকতায় ২১ আগস্ট’ শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে বঙ্গবন্ধুকে সপরিবার নির্মমভাবে হত্যা করে। পরে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে ২১ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়।
শিগগিরই একটি জাতীয় কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের চিহ্নিত করা হবে বলেও জানান মোজাম্মেল হক। তিনি বলেন, ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুটি ঘটনাই একসূত্রে গাঁথা। এটি নিছক কোনো হত্যাকাণ্ড নয়, এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। এ ষড়যন্ত্রের পেছনে বিএনপি-জামায়াত ও স্বাধীনতাবিরোধী চক্র সরাসরি জড়িত। তাই এসব ষড়যন্ত্রকারীর মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।
বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো বলে মন্তব্য করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী। তিনি বলেন, বঙ্গবন্ধু পৃথিবীতে একমাত্র নেতা, যিনি তাঁর জীবদ্দশায় একাধারে স্বাধীনতার স্বপ্ন দেখেছেন, স্বাধীনতাযুদ্ধে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন এবং স্বাধীনতা অর্জন করেছেন।
ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান হাওলাদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন, পিএসসির সাবেক সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কামালুদ্দিন আহমেদ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য শাহিনুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমুসর সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীন।