জিয়াউর রহমানকে 'বেইমান' বললেন ধর্মমন্ত্রী
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ‘বেইমান’ আখ্যা দিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। ময়মনসিংহে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় বক্তব্য দেন মন্ত্রী। এ সময় নিজের জীবনের স্মৃতিচারণা করতে গিয়ে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
জিয়াউর রহমানকে ‘বেইমান’ বলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তাঁরা (তিনি ও জিয়াউর রহমান) নয় মাস একসঙ্গে থেকেছেন। খাবার ভাগাভাগি করে খেয়েছেন। কিন্তু ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান তাঁকে (মতিউর রহমান) তাঁর (জিয়া) দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তাঁকে শিক্ষামন্ত্রী বানানোর প্রস্তাব দেন। বলেন তাঁর জন্য বাড়ি-গাড়ি তৈরি আছে।
ধর্মমন্ত্রী জানান, তিনি জিয়াউর রহমানের প্রস্তাবে রাজি হননি। কারণ তাঁর অন্তরে ছিল আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু। রাজি না হওয়ায় তিনি (জিয়া) তাঁর (মতিউর) ওপর প্রতিশোধ নিতে ময়মনসিংহ পৌরসভারকে বাতিল করেছিলেন। তখন মতিউর রহমান ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। এসব কথা বলার সময় ধর্মমন্ত্রী কান্নায় ভেঙে পড়েন।
‘ময়মনসিংহ বিভাগ’ প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, গত সোমবার মন্ত্রিপরিষদের সভায় প্রধানমন্ত্রী ময়মনসিংহে বিভাগ করার সিদ্ধান্ত নেওয়ার সময় কিশোরগঞ্জের একজন মন্ত্রী আপত্তি করেছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আপত্তি রাখেননি। তিনি ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ বিভাগ করা হবে।
পরে মন্ত্রী তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন। মেলায় মোট ৪১টি স্টল স্থান পেয়েছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মঈনুল হক।