জিয়ার নির্দেশেই চার নেতাকে হত্যা করা হয়: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অভিযোগ করেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।

সৈয়দ আশরাফ আজ সোমবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

জাতীয় চার নেতার তিনজনের কবর বনানী কবরস্থানে এবং একজনের কবর রাজশাহীতে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট এবং ৩ নভেম্বর জেল হত্যাকাণ্ড একই সূত্রে গাথা। একই খুনির নির্দেশে ইতিহাসের বর্বরতম এ দুই হত্যাকাণ্ড সংঘটিত হয়।’

স্থানীয় সরকারমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে বলেন, ‘এ ধরনের কোনো আভাস বা ইঙ্গিত সম্পর্কে আমরা কোনো কিছু জানি না। যখন সময় হবে, তখন নির্বাচন হবে। এ বিষয়ে কোনো আভাস বা ইঙ্গিতের প্রয়োজন নেই। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষা করেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। পরে ৩ নভেম্বর জেলখানার ভেতরে বঙ্গবন্ধুর আজীবন রাজনৈতিক সহচর ও জাতীয় চার নেতা মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, অর্থ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং স্বরাষ্ট্র, বেসামরিক সরবরাহ, ত্রাণ পুনর্বাসন ও কৃষিমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামানকে হত্যা করা হয়। বাসস