জিয়ার বিচার হওয়া উচিত: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতায় থাকার জন্য জিয়াউর রহমান হাজারো মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এ জন্য অবশ্যই তাঁর (জিয়া) বিচার হওয়া উচিত বলে মনে করেন মন্ত্রী।

আজ শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। খবর বাসসের।

৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস পালন উপলক্ষে পঁচাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডার শহীদ খালেদ মোশাররফের মেয়ে মেহজাবীন খালেদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম প্রমুখ।

কামরুল বলেন, আইএসআইয়ের এজেন্ট হিসেবে জিয়া মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলেই খালেদ মোশাররফ ও কর্নেল তাহেরসহ হাজারো মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিলেন। ক্ষমতায় আসীন হওয়ার পরবর্তী সময়ে জিয়া ও তাঁর স্ত্রী খালেদা জিয়া স্বাধীনতাবিরোধী শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছিলেন।

আওয়ামী লীগের এই নেতা বলেন, জিয়াউর রহমান গোলাম আযমকে দেশে এনেছিলেন এবং শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেছিলেন। এরই ধারাবাহিকতায় বর্তমানে বিদেশে বসে তারেক জিয়াও একই ভাষায় বক্তব্য দিয়ে জনমনে বিক্ষোভের সৃষ্টি করছেন।

তারেক জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, সাহস থাকলে দেশে আসুন ও রাজনীতি করুন। জঙ্গিবাদের জনক তারেক জিয়া ও তাঁদের দোসর জামায়াত-শিবিরের মতো অশুভ শক্তির রাজনীতি নিষিদ্ধ করতে হবে।