জিয়া ইতিহাসের খলনায়ক: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমানকে বাংলাদেশের ইতিহাসের ‘খলনায়ক’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এই মন্তব্য করেন। আবৃত্তি সংগঠন সংবৃতা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মহান মুক্তিযুদ্ধে সোহরাওয়ার্দী উদ্যানের স্মৃতির কথা উল্লেখ করে ইনু বলেন, জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের লজ্জা ঢাকতে এবং তাদের খুশি করতে মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের স্থানটিতে পরিকল্পিতভাবে শিশুপার্ক নির্মাণ করেন।

মন্ত্রী আরও বলেন, যারা ইতিহাসকে মুছে ফেলতে ও বিকৃত করতে চায়, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়।

নিজেকে রাজনৈতিক কর্মী উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, মাঠে-ঘাটে আন্দোলন করে, দেয়ালে পোস্টার লাগিয়ে তাঁরা রাজনৈতিক কর্মী হয়েছেন। আর জিয়ার মতো যারা ওপর থেকে ‘নাজিল’ হন, তাঁরা রাজনৈতিক কর্মী নন, রাজনৈতিক কর্মচারী। এই কর্মচারীরাই রাজনীতিকে সুস্থ ধারায় রাখতে দেননি।

বাংলাদেশের হৃপিন্ডে ছুরি চালাচ্ছেন খালেদা

খালেদা জিয়ার বানানো জন্মদিন পালন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদাররা মহান মুক্তিযুদ্ধে এ দেশের মা-বোনদের ধর্ষণ ও হত্যা করে যেমন বাংলাদেশের হৃপিন্ডকে খণ্ডবিখণ্ড করেছে, তেমনি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বেগম জিয়া মিথ্যা জন্মদিন পালন করে বাংলাদেশের হৃদয়কে খণ্ড-বিখণ্ড করছেন।
ইনু বলেন, বেগম জিয়া আসলে পাকিস্তানি খুনি ও ১৫ আগস্টের খুনিদের খুশি করতেই এই বানানো জন্মদিন পালন করে বাংলাদেশের হৃপিন্ডে ছুরি চালাচ্ছেন।

অনুষ্ঠানে মন্ত্রী আবৃত্তিকারদের বাংলাদেশ টেলিভিশনের নিবন্ধিত শিল্পী হওয়ার দীর্ঘদিনের দাবি শিগগিরই পূরণ করা হবে বলেও ঘোষণা দেন।