জিয়া-এরশাদ-খালেদা যুদ্ধাপরাধী পুনর্বাসনকারী: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমান, এইচ এম এরশাদ ও খালেদা জিয়া খুনি-যুদ্ধাপরাধীদের পুনর্বাসনকারী। এঁরা তিনজন একই। এঁরা দেশের উন্নয়নে বাধা হিসেবেও মন্তব্য করেন তিনি। আজ রোববার বিকেলে ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু বিপথগামী মিরজাফর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করেছিল। যদি সেদিন বঙ্গবন্ধুকে হত্যা না করা হতো, তখনই আমরা বর্তমানের এই উন্নত বাংলাদেশ দেখতে পেতাম। ৪০ বছর অপেক্ষা করতে হতো না।’
আনিসুল হক বলেন, ‘খুনি, যুদ্ধাপরাধীদের মাথাচাড়া দিয়ে উঠতে প্রথমে জিয়াউর রহমান, তারপরে এরশাদ, তারপরে খালেদা জিয়া পৃষ্ঠপোষকতা করেছেন। জিয়াউর রহমান শাহ আজিজকে প্রধানমন্ত্রী বানিয়েছেন; সে ছিল যুদ্ধাপরাধী। বঙ্গবন্ধুর খুনিদের রাষ্ট্রদূত করেছেন। এরশাদ খুনি ফারুককে রাষ্ট্রপতি নির্বাচন করার ক্ষমতা আর খালেদা জিয়া খুনি রসিদকে বিরোধী দলের সংসদীয় নেতা আর মুজাহিদ-নিজামীকে মন্ত্রী বানিয়েছেন।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর দেশে পরিণত করার জন্য যত রকম লুটপাট আছে, সব করলেন। এক ছেলে দুই হাজার কোটি টাকা লোপাট করেছেন, আরেক ছেলে মালয়েশিয়ায় মানি লন্ডারিং করতে গিয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন। আর সবশেষে যাঁরা প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করতে চাইলেন, হত্যার ষড়যন্ত্র করলেন, তাঁদের যখন আইনের আওতায় এনে মামলার আসামি করা হলো, তখন তিনি বলছেন, তাঁদের নির্যাতন করা হচ্ছে। একেই বলে চোরের মায়ের বড় গলা।
চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন্দের সভাপতিত্বে সুধী সমাবেশে আরও বক্তব্য দেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্যাহ আল ইসলাম জ্যাকব, জেলা ও দায়রা জজ ফেরদাউস আহমেদ, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ।
এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে ভোলার মনপুরা উপজেলায় পৌঁছান আইনমন্ত্রী। মনপুরায় নবনির্মিত আদালত ভবন, দক্ষিণ-আইচা সাব-রেজিস্ট্রার ভবন, ১০ কিলোমিটার চরফ্যাশন-শশীভূষণ সড়ক সংস্কারকাজ ও দুই কিলোমিটার পল্লী বিদ্যুৎ লাইন উদ্বোধন করেন। এ সময় তিনি চরফ্যাশনে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত নির্মাণের প্রতিশ্রুতি দেন।