জিয়া মুক্তির চেতনা ছাত্রাবস্থা থেকেই লালন করতেন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জিয়াউর রহমান ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক, ঘোষক। তিনি নয় মাস হানাদারদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তাঁর মতো নেতা পৃথিবীর ইতিহাসে বিরল। তারেক বলেন, জিয়া হঠাত্ করেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেননি। বাংলা ও বাঙালির মুক্তি সংগ্রামের চেতনা তিনি ছাত্রাবস্থা থেকেই লালন করেছেন।
বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের অট্রিয়াম ব্যাংকুয়েট হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ কথা বলেন। সভায় তারেককে ‘দেশনায়ক’ বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম কয়ছর আহমেদ। তারেক রহমানের এ বক্তব্য ইউটিউবে প্রকাশিত হয়েছে।
তারেক রহমান দাবি করেন, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে চোরের দল, চাটার দল আখ্যা দিয়ে দলটি বিলুপ্ত করেছিলেন। গঠন করেছিলেন বাকশাল। তাই শেখ মুজিবের আদর্শ ছিল বাকশাল। তিনি বলেন, যুদ্ধে না গিয়ে আওয়ামী লীগের তখনকার অনেক নেতাই ’৭১-এর ২৫ মার্চে ও ’৭৫-এর ১৫ আগস্টে শেখ মুজিবের দেওয়া তেল নাকে দিয়ে ঘুমিয়েছিলেন। এখন এঁদের অনেকেই শেখ হাসিনার মন্ত্রিসভায় আছেন। এরাই আবার নিজেদের অস্তিত্ব রক্ষায় সেই তেল দিয়ে চলছেন। নিজেরা তৈলাক্ত ইতিহাস তৈরি করছেন। ইতিহাস বিকৃতি করছেন। তারেক বলেন, ’৭১-এ সেদিনের নেতা শেখ মুজিব এরিনমোর পাইপ হাতে স্বেচ্ছাসমর্পণ করেন আর জিয়া হাতে তুলে নেন অস্ত্র।
লন্ডনে পলাতক বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের ও অন্য দল থেকে আসা নেতারা সুবিধা পেতে ও নিজেদের ব্যর্থতা ঢাকতেই মুজিব হত্যার সঙ্গে জিয়ার নাম জড়ানোর অপচেষ্টা চালাচ্ছেন। শেখ মুজিব হত্যার সময় জাসদের নেতা হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননের নেতিবাচক ভূমিকা ছিল বলেও তারেক দাবি করেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘জিয়াউর রহমান সামরিক আইন ও ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেননি। এটা করেছিল খন্দকার মোশতাক। জিয়াউর রহমান দালাল আইন অধ্যাদেশ বাতিল করেননি। ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর দালাল আইন বাতিল করেছেন তত্কালীন রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।’
তারেক রহমান বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য শেখ হাসিনাই দায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদ করা উচিত।
আলোচনা সভায় বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরুদ্দিন আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নওশাদ জমির, যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম প্রমুখ।