জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছিলেন: সফিউল্লাহ
সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেছেন, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করেছিলেন। এখন খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা সেক্টর কমান্ডারস ফোরামের পরিচিতি সভা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কে এম সফিউল্লাহ এসব কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে সফিউল্লাহ বলেন, ‘শেরপুর জেলায় একটি বিধবাপল্লি আছে। সেখানে কত বিধবা আছেন এবং তাঁরা কীভাবে বিধবা হলেন, আপনি হয়তো জানেন না। আশা করি জেনে উত্তর দেবেন।’
ফোরামের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব হারুন হাবিব, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী, সহসভাপতি আবুল হাসেম ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।