জিয়া সম্পর্কে অভিযোগ দুর্ভাগ্যজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়াউর রহমান পাকিস্তানের সঙ্গে ‘কনফেডারেশন করার ষড়যন্ত্র’ করেছিলেন বলে সরকারদলীয় সাংসদ মাহজাবিন খালেদ যে অভিযোগ করেছেন, তাকে দুর্ভাগ্যজনক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, মূল সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে নিতে জিয়াকে অন্যভাবে উপস্থাপনের চেষ্টা করছে ক্ষমতাসীনরা। দুর্ভাগ্যজনক হচ্ছে, এ ধরনের কথাবার্তা বলে তারা মানুষের মূল দাবি, সমস্যা ও সংকট থেকে জনগণের দৃষ্টি দূরে সরিয়ে রাখতে চায়। তিনি বলেন, জিয়াউর রহমান স্বাধীনতাযুদ্ধের ঘোষক ছিলেন। তিনি পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস লড়াই করেছেন, বীরোত্তম উপাধি পেয়েছেন। পরবর্তী সময়ে এই আধুনিক বাংলাদেশের সত্যিকার অর্থে স্থপতি ছিলেন। গণতন্ত্রকে পুনরায় ফিরিয়ে এনেছেন। সেই মানুষকে যদি কেউ অন্যভাবে চিহ্নিত করতে চায়, সেটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাতে জনগণ বিভ্রান্ত হবে না।
ফখরুল বলেন, ‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। গত কয়েক দিনে আমি যতটুকু জানি, প্রায় ৪০ জন শিশু হত্যা হয়েছে। কোনো সভ্য সমাজে শিশুদের এভাবে হত্যা করা প্রমাণ করে বাংলাদেশে আইনশৃঙ্খলার কতটা অবনতি হয়েছে।’ এর আগে মির্জা ফখরুল সদ্য কারামুক্ত ছাত্রদলের সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ সংগঠনের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।