জিয়া হত্যার নেপথ্যে 'র'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হাত ছিল বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দুনিয়া থেকে সরিয়ে দিতে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ একটি ফাইল খুলেছিল, যা ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন সানডেতে ছাপা হয়েছিল। তাতে বলা হয়, তৎকালীন প্রধানমন্ত্রী মোরারজি দেশাই আসার পর ওই ফাইলটি বন্ধ করে দেওয়া হয়। তার আগে ইন্দিরা গান্ধী ওই ফাইলটি চালু করেন। পুনরায় ইন্দিরা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস সরকার ক্ষমতায় এলে ফাইলটি আবার চালু করা হয়। এর কিছুদিনের মধ্যেই জিয়াউর রহমান নিহত হন কিছু উচ্ছৃঙ্খল সৈনিকের হাতে। সুতরাং ‘র’ কাদের স্বার্থে কাজ করে, দেশের জনগণ ভালোভাবেই জানে।
এ কথার রহস্য কোথায়
‘র’ ও যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের রহস্য জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ভারত সফরের আগে বলেছেন যে বিএনপি “র” ও আমেরিকার সহায়তায় ২০০১ সালে ক্ষমতায় এসেছে, এসব কথার রহস্য কোথায়? ১৬ বছর পর প্রধানমন্ত্রীর স্মরণে এ কথা কেন আসল?’
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘‘র’ আর আমেরিকার মাধ্যমে যদি ক্ষমতায় আসা যায়, তাহলে দেশের জনগণের ক্ষমতা কোথায়? আপনারা কার সহায়তায় ক্ষমতায় এসেছেন, সে প্রশ্ন কিন্তু থেকেই যায়।’ বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ঘুরে দাঁড়াও বাংলাদেশ নামে একটি সংগঠন এর আয়োজন করে।