জিয়াউর রহমান 'বাইচান্স' মুক্তিযোদ্ধা: আ ক ম মোজাম্মেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘বাইচান্স’ মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল। তিনি বলেন, ক্ষমতায় বসে যে অন্যায় অপকর্ম জিয়া করেছেন, সে জন্য তাঁর মরণোত্তর বিচার হওয়া উচিত। খবর বাসসের।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত্বার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে এক আলোচনা সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

স্বাধীনতা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের রাজনীতিকে সবচেয়ে বেশি কলুষিত ও কলঙ্কিত করেছেন। তিনি বাংলাদেশে কেনা-বেচার রাজনীতি চালু করেন। বহু ত্যাগী নেতার জীবন ধ্বংস ও ক্ষতি করেছেন।

আ ক ম মোজাম্মেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ঘটনা ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেন, ‘বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করতে হলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।’

ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিল করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে তাঁদের মর্যাদা পান, এ জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রধান বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে কোনো আলোচনা করা উচিত নয়। জাতীয় শোক দিবসে যারা মিথ্যা জন্মদিন পালনের নামে আনন্দ করে, তাদের সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। তিনি বলেন, জিয়াউর রহমান ১৫ আগস্ট বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসন করে প্রমাণ করেছেন, তিনি এই হত্যার সঙ্গে জড়িত ও ষড়যন্ত্রকারী।

আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব শাহজাহান আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ টি এম শামসুজ্জামান, এম এ আউয়াল সিদ্দিকী, আবদুর রশিদ প্রমুখ।