জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার হবে: মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান মুজিবনগর সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করতে চাননি। পরবর্তী সময়ে তিনি স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছেন। এ সব অপকর্মের জন্য জিয়াউর রহমানেরও মরণোত্তর বিচার করা হবে। আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে যুদ্ধাপরাধীদের শুধু বিচারই করা হবে না, তাদের সম্পদও বাজেয়াপ্ত করা হবে। সম্পদ বাজেয়াপ্ত করার আইন না থাকলে নতুন আইন প্রণয়ন করে যুদ্ধাপরাধীদের স্থাবর-অস্থাবর সব সম্পত্তিই বাজেয়াপ্ত করা হবে। এ সম্পত্তি মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যবহার করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীর দল হিসেবে এ দেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই। ৪৪ বছর পরও তাদের স্বভাবের পরিবর্তন হয়নি।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ‘ভাটিয়াপাড়া মুক্ত দিবস’ উপলক্ষে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার এনায়েত হোসেন। সমাবেশে কেন্দ্রীয় কমান্ডের সহসভাপতি ইসমত কাদীর গামা, সহসাংগঠনিক সম্পাদক এসএম মজিবুর রহমান, পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এসএম মাহফুজুল হক প্রমুখ বক্তব্য দেন।