জিয়ার ইতিহাস প্রকাশ পেলে বিএনপি লজ্জা পাবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট সমিতিগুলো আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন তথ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার পূর্ণ ইতিহাস প্রকাশ পেলে বিএনপির নেতা–কর্মীরা লজ্জিত হবেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।

জিয়াউর রহমানসহ বঙ্গবন্ধু হত্যার অন্য কুশীলবদের মুখোশ ধীরে ধীরে উন্মোচিত হবে। যখন ইতিহাস পরিপূর্ণভাবে উন্মোচিত হবে জিয়াউর রহমান কীভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ হয়ে বর্ণচোরা ভূমিকা পালন করেছিলেন, কীভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের উৎসাহ দিয়েছিলেন এবং পরে পুনর্বাসিত করেছিলেন, সেই সত্যগুলো যখন ক্রমাগতভাবে প্রকাশ পাচ্ছে, এবং যখন আরও প্রকাশিত হবে, তখন যাঁরা জিয়াউর রহমানের দল করেন, তাঁরা লজ্জা পাবেন।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বিএফডিসি শুটিং ফ্লোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট সমিতিগুলো আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে হাছান মাহমুদ বলেন, ‘চলচ্চিত্র শিল্প আজ নানামুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এটি সঠিক, কিন্তু এই সংকট থেকে উত্তরণের জন্য আমরা ইতিমধ্যেই অনেক পদক্ষেপ গ্রহণ করেছি। চলচ্চিত্রের শিল্পীদের বহুদিনের দাবি প্রধানমন্ত্রী পূরণ করেছেন। চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে। সিনেমা হল পুনর্নির্মাণ, বন্ধ হল চালু করা ও নতুন হল নির্মাণের জন্য এক হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠিত হয়েছে। আমরা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে বেসরকারি ব্যাংকগুলোর প্রতিনিধি, হলমালিক, প্রযোজকসহ আরও যাঁদের প্রয়োজন, তাঁদের ডেকে একটি বৈঠক করব, যাতে এই খাত থেকে সবাই খুব শিগগির উপকার পান।’

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন ও চলচ্চিত্র–সংশ্লিষ্ট সমিতিগুলো আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তথ্যপ্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

খুনি জিয়ার মুখোশ উন্মোচন করতেই হবে

তথ্যপ্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান বলেন, ‘বাঙালি জাতি অনেক কেঁদেছে, আর কাঁদতে চায় না। বঙ্গবন্ধু হত্যার খুনির মুখোশ উন্মোচন করতেই হবে। আমার সন্তানদের জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই খুনির নাম জিয়াউর রহমান। এই খুনির মরণোত্তর বিচার বাংলার মাটিতে করতেই হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতা কখনো আপস করেননি, বেইমানি করেননি, পাকিস্তানি শাসকগোষ্ঠীর রক্তচক্ষুকে ভয় পাননি, মাথা নিচু করেননি। সে শিক্ষাই জাতির পিতা আমাদের দিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘খুনি জিয়াউর রহমানের বিচার হবেই, কারণ আমাদের মায়ের নাম বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা। এই আস্থা ও বিশ্বাস আমাদের আছে।’

বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে এই আলোচনা সভায় তথ্যসচিব মো. মকবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে এবং চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, সাধারণ সম্পাদক শাহিন সুমন, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান বক্তব্য দেন।