সরকার জিয়াউর রহমানের কবর সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারকে হুঁশিয়ার করে দিয়েছেন। তিনি বলেন, জিয়াউর রহমানের কবর সরানোর দুঃসাহস দেখানোর পরিণতি ভালো হবে না। এ ধরনের উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতির তৈরি করবে।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি জানান।
রিজভী বলেন, জিয়াউর রহমানের কবর সংসদ ভবন এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। কবরের কারণে সংসদের কার্যক্রমের কোনো ক্ষতি হচ্ছে না। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসায় বর্তমান অবৈধ সরকার কবরটি অন্যত্র সরানোর অপচেষ্টা করছে। তিনি দাবি করেন, রাজকোষ থেকে টাকা পাচার, কলেজছাত্রী তনু হত্যা, বাঁশখালীতে পুলিশের নির্বিচার হত্যাকাণ্ড এবং ইউপি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের খুনোখুনি ও ভোট ডাকাতি আড়াল করার জন্যই জিয়ার কবরের ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এমন অজুহাতে জিয়াউর রহমানের কবর সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। মূলত ১৯৯৬ সালে এ ষড়যন্ত্র শুরু হয়। সে সময় জিয়ার কবরে যাওয়ার জন্য ক্রিসেন্ট লেকের ওপর থেকে বেইলি ব্রিজটি সরিয়ে দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আবার ২০১৪ সালের ১৭ জুন একনেকের সভায় জিয়ার কবর সরিয়ে নেওয়ার ঘোষণা দেন।
এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, স্পিকারের বাড়িও কিন্তু নকশার মধ্যে ছিল না। অন্যান্য জাতীয় নেতাদের কথা ওভাবে এখনো আসেনি। কিন্তু তাঁদের টার্গেট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। তাঁর অপরাধ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যে ঘোষণা দেওয়ার কথা ছিল রাজনৈতিক নেতৃত্বের। রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী শক্তি শেষ রক্তবিন্দু দিয়ে হলেও শহীদ জিয়ার কবর উচ্ছেদের অশুভ পরিকল্পনা প্রতিরোধ করবে। কোনোভাবেই তাঁদের এ অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।’