জিয়ার কবর সরানোর ষড়যন্ত্র বন্ধের আহ্বান
রাজধানীর চন্দ্রিমা উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে নজরুল ইসলাম এ কথা বলেন। বিএনপির সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজন করে।
নজরুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। শুধু তাই নয়, যেই দল তাঁর আদর্শ ধারণ করে, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। রাষ্ট্রকে ব্যবহার করে আইন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির চেষ্টাও সবাই দেখছে।’
চন্দ্রিমা উদ্যান থেকে জিয়ার কবর সরানোর ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘এটা হবে দুঃস্বপ্ন। বুঝতেছি আপনাদের নেতার (শেখ মুজিবুর রহমান) মাজার অনেক দূরে। তাহলে এটা সরাতে হবে কেন? তাঁর কবর ঢাকায় নিয়ে আসেন। দয়া করে এসব ষড়যন্ত্র বন্ধ করুন। এখনো দেশের অনেক কাজ বাকি। সেদিকে মন দিন।’
জিয়াউর রহমান ও খালেদা জিয়া কখনো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অসম্মান করে কথা বলেননি—এমন দাবি করে বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের নেতারা জিয়াকে ছোট করতে গিয়ে নিজেদের নেতাকেই ছোট করছেন। আওয়ামী লীগের নেতারা জিয়াউর রহমানকে পাকিস্তানের এজেন্ট বলেন। তাঁরা একবারও ভাবেন না জিয়া যদি পাকিস্তানের এজেন্ট হন, তাহলে তাঁকে যিনি বীর উত্তম খেতাব দিয়েছেন, তিনি কী?’
দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ দেখেননি, কীভাবে মুক্তিযুদ্ধ হয়েছে তা তিনি শুনেছেন। যুদ্ধে যাঁদের ভূমিকা নেই, তাঁদের জাতির পিতা বা স্বাধীনতার ঘোষক বানাতে চাইলেই বানানো যায় না।’ তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার সমালোচনা করে বলেন, খালেদা জিয়া শুধু বলেছেন শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক আছে। তিনি কোনো সংখ্যা উল্লেখ করেননি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদ বলেছিলেন, ১০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাহলে তো তাঁর এ বক্তব্যের জন্য খালেদা জিয়ার আগে তাজউদ্দীন আহমদের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত।’