জিয়ার ঘোষণার তাৎপর্য ছিল: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মরহুম জিয়াউর রহমান নিজেই বলেছিলেন, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি বাংলাদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। ওটা মরহুম এম এ হান্নানও ঘোষণা দিয়েছিলেন। জিয়াউর রহমানের ঘোষণা ওই সময় তাৎপর্য ছিল না, এটা আমরা অস্বীকার করব না। তবে তিনি ছিলেন ঘোষণার পাঠক।’
আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সফল করতে মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংসদদের সঙ্গে এ মতবিনিময় সভা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ নিয়ে তৎকালীন দৈনিক বাংলা ও বিচিত্রায় নিবন্ধ লিখেছিলেন উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর ওবায়দুল কাদের বলেন, ‘সেই নিবন্ধে তিনি বলেছিলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে আমরা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য আজকে জিয়াউর রহমানের দল ৭ মার্চ পালন করে না।’
ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের ভাষণ এত দিন বিশ্বের সেরা ভাষণের মধ্যে ছিল না। দেরিতে হলেও বঙ্গবন্ধুর এই ভাষণটি এখন বিশ্বের সেরা ভাষণগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। এতে জাতি হিসেবে আমরা আনন্দিত, গর্বিত। তিনি বলেন, সব ভাষণ নেতৃত্ব দেয় না, কর্তৃত্ব করে না। আমার মনে হয়, বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাষণটি কর্তৃত্ব করেছিল, নেতৃত্ব দিয়েছিল। একটা জাতিকে স্বাধীনতা সংগ্রামে চূড়ান্তভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, উজ্জীবিত করেছিল।
এক-এগারোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কারা মঞ্চে, কারা নেপথ্যে ছিলেন, এটা নিয়ে আরও গবেষণা ও চিন্তাভাবনার সময় আছে। সেদিন তো অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আর গ্রেপ্তার করা হয় যারা ক্ষমতায় থাকে, তাদের। ওই সময় শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেতা। তাঁকেই প্রথম গ্রেপ্তার করা হয়, ভোরবেলায়। তাঁকে পোশাক পর্যন্ত পাল্টাতে দেওয়া হয়নি। যিনি এক সময় প্রধানমন্ত্রী ছিলেন, বঙ্গবন্ধু কন্যা। কোর্টের মধ্যে কীভাবে তাঁকে টানা-হেঁচড়া করা হয়েছে। আমাদের কষ্ট আছে। আমাদের নেত্রী বলেছেন—আমরা ক্ষমা করেছি, কিন্তু ভুলে যাইনি।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল পেছানো হবে কি না, সাংবাদিকদের করা এমন প্রশ্নের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনের প্রস্তুতি চলছে। পেছানোর বিষয়ে পরবর্তী কার্যনির্বাহী সংসদের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সাংসদ এনামুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।