জিয়ার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে না গিয়ে আ.লীগ কার্যালয়ে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকীর কর্মসূচিতে না গিয়ে গত বৃহস্পতিবার দলটির দুই নেতা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে একটি অনুষ্ঠানে যোগ দেন। এ নিয়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।
ওই দুই নেতা হলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস এবং বন্দর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি (একাংশ) আতাউর রহমান।
বিএনপির স্থানীয় সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো নানা আয়োজন করে। কিন্তু আবুল কালাম আজাদ বিশ্বাস ও আতাউর রহমান ওই দিন সন্ধ্যায় নগরের ২ নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনকে মিষ্টিমুখ করান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান। একই দিন বেলা ১১টায় আওয়ামী লীগের কার্যালয় থেকে ১০০ গজ দূরে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ের সামনের রাস্তায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত শোভাযাত্রায় তাঁদের দেখা যায়নি।
বিএনপির কয়েকজন বলেন, বিএনপির ওই দুই নেতাকে আওয়ামী লীগের সাংসদ সেলিম ওসমান ও শামীম ওসমানের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত দেখা যায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বলেন, দলের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকীর কর্মসূচিতে না গিয়ে যাঁরা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে মিষ্টি খান; তাঁরা ক্ষমতাসীনদের আনুকূল্য পাওয়ার জন্য এসব করছেন। এসব কর্মকাণ্ডে দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বিশ্বাস বলেন, ‘জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের সাথে আওয়ামী লীগের অফিসে গিয়েছিলাম। আমার ডায়াবেটিস, আওয়ামী লীগের অফিসে মিষ্টি খাইনি, সমুচা খেয়েছি।’
বন্দর উপজেলা বিএনপির (একাংশের) সভাপতি আতাউর রহমান বলেন, ‘আমি নিজের বাড়িতে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে কেক কেটেছি। আওয়ামী লীগের অফিসে গিয়েছিলাম আনোয়ার ভাইকে শুভেচ্ছা জানাতে।’