জিয়ার জীবনী পড়লে বিএনপির নেতৃত্ব লজ্জা পেতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: আ পলিটিক্যাল বায়োগ্রাফি বইকে চক্ষু উন্মীলনের প্রয়াস বলে মন্তব্য করেছেন কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। তাঁরা বলেছেন, বইটি পড়লে বিএনপির বর্তমান নেতৃত্ব উপকৃত হতে পারেন, আবার লজ্জাও পেতে পারেন।
গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ বইটির প্রকাশনা অনুষ্ঠানের বক্তৃতায় বিশিষ্ট ব্যক্তিরা এ মন্তব্য করেন। অনুষ্ঠানের দর্শকসারিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের নেতা নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমদু চৌধুরী, ইনাম আহমদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ, এ এস এম হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী ও রাষ্ট্রবিজ্ঞানী মিজানুর রহমান শেলী বলেন, অ্যাডর্ন প্রকাশনী থেকে প্রকাশিত বইটির লেখক মাহফুজ উল্লাহ একজন সাংবাদিক। সে কারণে বইটিতে বহু তথ্য এবং সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির উদ্ধৃতি আছে। কিন্তু রাজনৈতিক জীবনীর জন্য তথ্য থেকে তত্ত্ব বের করে আনা দরকার। বইয়ে এর ঘাটতি আছে। তিনি বইয়ে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার তথ্য-উপাত্তের প্রতি সমর্থন জানান।
জিয়াউর রহমানের প্রশাসনিক ও অর্থনৈতিক কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, পঁচাত্তরের পটপরিবর্তনের পর দেশের অর্থনীতির ভিত্তি স্থাপনের সূচনা জিয়াউর রহমানের সময় শুরু হয়েছিল। এ প্রসঙ্গে তিনি কৃষির ভিত রচনা, খাল কাটা, যুব ও মহিলা উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, ব্যাক টু ব্যাক এলসি খোলা প্রভৃতির উদাহরণ দেন।
জিয়াউর রহমানের পররাষ্ট্রনীতি খুবই সফল ছিল বলে মন্তব্য করেন সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম। তবে তিনি বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে যুক্তরাষ্ট্রে নাইন-ইলেভেনের তাৎপর্য বুঝতে পারেনি। একই সঙ্গে আন্তর্জাতিক ইসলামি সম্মেলন সংস্থায় (ওআইসি) মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা ও প্রার্থী মনোনয়ন ঠিক ছিল না বলে মন্তব্য করেন এ কূটনীতিক।
সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী বলেন, বইয়ে বহুমাত্রিক তথ্য আছে। এটি রাজনীতিক ও গবেষকদের জন্য অনেক কিছুর দ্বার উন্মুক্ত করবে।
নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীর বইয়ের একটি অধ্যায়ের উল্লেখ করে বলেন, বইটি পড়ে বিএনপির নেতারা লজ্জা পেতে পারেন। কারণ, একটি অধ্যায় আছে, জিয়া কয়টায় কাজ শুরু করতেন, আর কয়টায় শেষ করতেন। তিনি বলেন, ‘জিয়া গণতান্ত্রিকভাবে দল চালিয়েছেন, তা কিন্তু নয়। তিনি ডিক্টেটরলি দল চালিয়েছেন, এখন আপনারা যেভাবে চালান। কিন্তু এখন আপনারা যাঁরা রাত ১০টায় অফিস শুরু করেন, জিয়ার সময় রাত ১০টায় অফিস শুরু করার ব্যবস্থা ছিল না।’
মাহফুজ উল্লাহ বলেন, অতীত যত বেদনাদায়কই হোক না কেন, ব্যক্তি, সমাজ ও জাতিকে এর মুখোমুখি হওয়ার দৃঢ়তা দেখাতে হবে।