জিয়ার নকল কবর সরাতে হবে: আ ক ম মোজাম্মেল
মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতীয় সংসদের আঙিনা থেকে জিয়াউর রহমানের নকল কবর সরাতে হবে। সেখানে তাঁর মৃতদেহও নেই বলে দাবি করেন মন্ত্রী। জিয়াউর রহমান হত্যার বিচারও চান তিনি।
আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন মাঠে ‘মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে’ আয়োজিত এক স্মৃতিচারণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আ ক ম মোজ্জামেল হক বলেন, জিয়াউর রহমানের তথাকথিত কবর মহান জাতীয় সংসদের আঙিনায় আছে। চারদিক থেকে আজ প্রশ্ন আসছে, সেখানে তাঁর লাশ আদৌ আছে কি না? সেখানে তাঁর লাশ নেই। হত্যাকারীরা তাঁকে হত্যা করে পেট্রল দিয়ে পুড়িয়ে পুঁতে রেখেছিল। তারা কাঠের বক্স দিয়ে সেখানে সমাহিত করে আজকে নকল জিয়ার মাজার বানিয়েছে।
জিয়াউর রহমানের মৃতদেহের ছবি দেখানোর চ্যালেঞ্জ দিয়ে অনুষ্ঠানে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘যদি ছবি দেখাতে না পারেন, তাহলে ডিনএনএ টেস্ট করে প্রমাণ করুন, এটি জিয়াউর রহমানের লাশ। আর না হয় জিয়ার মাজার বলে এত বছর ধরে যে মিথ্যাচার করেছেন, তা ধোঁকাবাজি। তাই এ নকল কবর অবশ্য অবশ্যই সরাতে হবে। ভিন্ন কোনো পথ নেই।’
স্বাধীনতাযুদ্ধে জিয়াউর রহমান রাজনৈতিক সরকারের অধীনে যুদ্ধ করতে চাননি বলে দাবি করেন মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রী। তিনি আরও বলেন, জিয়া মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করতে চেয়েছিলেন। তিনি ধর্মের নামে রাজনীতি করার জন্য জামায়াতকে নিয়ে এসেছিলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, সারা দেশে মুক্তিযোদ্ধার কবরগুলো একই নকশায় করা হবে। বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হবে।
আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা নূর উদ্দিন, রেজাউল করিম চৌধুরী, মহিউদ্দিন রাশেদ, খোরশেদ আলম, মোহাম্মদ আলী মিন্টু প্রমুখ।
বক্তারা চট্টগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের জন্য মন্ত্রীর কাছে দাবি জানান।