জিয়ার পদক সরানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় জাদুঘর থেকে জিয়াউর রহমানের স্বাধীনতা পদক সরানোর প্রতিবাদে আগামীকাল শনিবার দেশের সব জেলা সদর ও মহানগরে বিক্ষোভ সমাবেশ ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।
মির্জা ফখরুল বলেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত ও ঔদ্ধত্যপূর্ণ। এতে শুধু জিয়াউর রহমানকে হেয় করা হচ্ছে না, বরং স্বাধীনতাসংগ্রামে যাঁরা অসাধারণ অবদান রেখেছেন, তাঁদের সবার জন্য এটা চরম অবমাননাকর। সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়ে প্রমাণ করল যে সত্যিকারের মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সম্পর্ক ছিল না। এই সিদ্ধান্ত দেশকে আরও বিভক্ত করবে এবং রাজনৈতিক পরিস্থিতিকে আরও সংকটময় ও জটিল করবে। জিয়াউর রহমানের স্বাধীনতা পদক যাঁরা কেড়ে নিচ্ছেন, তাঁরা স্বাধীনতাকে অস্বীকার করছেন।
মির্জা ফখরুল বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে যাঁরা প্রেসিডেন্ট জিয়ার অবদানকে অস্বীকার করে, শুধু আদালতের রায়ের বিকৃত ব্যাখ্যা করে তাঁর পদক সরিয়ে ফেলেন, মাজার সরিয়ে ফেলতে চান, তাঁরাই স্বাধীনতাবিরোধী।’ সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
হান্নান শাহর জন্য দোয়া: দলের স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর রোগমুক্তি কামনায় গতকাল বৃহস্পতিবার দোয়া ও মিলাদ মাহফিল করে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ওই মাহফিলের আয়োজন করা হয়। গত মঙ্গলবার অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন হান্নান শাহ। এখনো তিনি চিকিৎসাধীন।