জিয়ার মতো খালেদা জিয়াও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছেন: তথ্য প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে ১৫০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, জিয়াউর রহমান হত্যার বিচার চান না খালেদা জিয়া। স্ত্রী হয়ে স্বামীর হত্যার বিচার না চাওয়ার রহস্য উন্মোচিত হতে পারে, তাই তিনি চুপ রয়েছেন। আসলে জিয়াউর রহমান হত্যার প্রধান কুশীলব হচ্ছেন তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া। শুধু তা–ই নয়, জিয়ার মতো বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বেগম জিয়া।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার কুশীলব জিয়াউর রহমানের মুখোশ উন্মোচন করে আবারও তাঁর মরণোত্তর বিচার করতে হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা হয় আজ রোববার। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।
মুরাদ হাসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের সূচনা হতো না। যারা স্বাধীন বাংলাদেশ চায়নি, তারাই জাতির জনককে হত্যা করেছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে সব সময় জীবন–যৌবন দিয়ে চেষ্টা করে গেছেন। তাঁর স্বপ্ন–আদর্শ বুকে ধারণ করে, তা বাস্তবায়ন করে মানুষের মুখে হাসি ফোটাতে সব বাধা উপেক্ষা করে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।

প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, প্রধান কুশীলব খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করতে হবে। বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনায় সম্পৃক্ত ছিলেন জিয়া। জাতির সামনে তাঁর মুখোশ উন্মোচন করতে হবে।
সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।
পরে জাতির জনক বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এর আগে সরিষাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে অসহায় দরিদ্রদের মধ্যে ১ হাজার ৫০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন।