জিয়ার সমাধি সরানোর পরিণতি ভালো হবে না: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার জিয়াউর রহমানের সমাধি সরানোর চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ‘স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধি সরানোর দুঃসাহস দেখানোর পরিণতি ভালো হবে না। এ ধরনের উদ্যোগ দেশে এক ভয়াবহ পরিস্থিতির তৈরি করবে।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি জানান।
রিজভী বলেন, জিয়াউর রহমানের সমাধি সংসদ ভবন এলাকা থেকে অনেক দূরে অবস্থিত। সমাধির কারণে সংসদের কার্যক্রমের কোনো ক্ষতি হচ্ছে না। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার কারণে বর্তমান অবৈধ সরকার সমাধিটি অন্যত্র সরানোর অপচেষ্টা করছে। তিনি দাবি করেন, রাজকোষ থেকে টাকা পাচার, কলেজছাত্রী তনু হত্যা, বাঁশখালীতে পুলিশের নির্বিচার হত্যাকাণ্ড এবং ইউপি নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের খুনোখুনি ও ভোট ডাকাতি আড়াল করার জন্যই জিয়ার সমাধির ইস্যু সামনে নিয়ে আসা হয়েছে।
বিএনপির এই নেতা বলেন, তাঁরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের মূল নকশায় জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এমন অজুহাতে জিয়াউর রহমানের সমাধি সরানোর সিদ্ধান্ত নিয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়।
এক প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের কীর্তিমান-বরেণ্য মানুষের কবরস্থান যেখানে হয়, পৃথিবীর কোনো দেশ, জাতি তাঁর কবরস্থান সেখান থেকে সরানোর উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই। এটা একটা ঘৃণ্য প্রতিহিংসার প্রতিফলন। তিনি বলেন, ওখানে স্পিকারের বাড়িও কিন্তু নকশার মধ্যে ছিল না। অন্যান্য জাতীয় নেতাদের কথা ওভাবে এখনো আসেনি। কিন্তু তাঁদের তো টার্গেট স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা এ জেড এম জাহিদ হোসেন, আবদুস সালাম, ফজলুল হক, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম প্রমুখ।