জিয়ার মৃত্যুবার্ষিকীতে ১৫ দিনের কর্মসূচি বিএনপির

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে থেকে ৩ জুন পর্যন্ত ১৫ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এসব কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, খাবার বিতরণ, জিয়াউর রহমানের কবরে ফুলেল শ্রদ্ধা প্রভৃতি।
৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ মে সকাল ছয়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ওলামা দল কবরের পাশে দোয়া মাহফিল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রক্তদান কর্মসূচি পালন করবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে ৩০, ৩১ মে ও ১ জুন রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। সারা দেশে ৩০ মে জেলা ও মহানগরে কর্মসূচি পালন করা হবে। শাখা কমিটিগুলো নিজেদের সুবিধামতো সময়ে কর্মসূচি পালন করবে। ৩১ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন খালেদা জিয়া। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি নেবে। এর মধ্যে ২৪ মে যুবদল, ২৬ মে মহিলা দল, ২৭ মে স্বেচ্ছাসেবক দল, ২৮ মে মুক্তিযোদ্ধা দল ও ২ জুন শ্রমিক দল আলোচনা সভা করবে। ছাত্রদল জিয়াউর রহমানের জীবনের ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে।
কর্মসূচি ঘোষণার আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ। দেশ ও জাতির সবচেয়ে কঠিন সময়গুলোতে তিনি জাতির সামনে আবির্ভূত হয়েছিলেন। এর আগে মির্জা ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সৈয়দ এমরান সালেহ, বিলকিস জাহান, শামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।