জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ভন্ডুলে পুলিশের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর কর্মসূচি ভন্ডুল করতে পুলিশ আটক অভিযান শুরু করেছে বলে অভিযোগ করেছে ভোলা জেলা বিএনপি। গতকাল শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রথম আলোর কাছে এ অভিযোগ করেন।
ফারুক মিয়া বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে ভোলা জেলা বিএনপি শোভাযাত্রা, আলোচনা ও দোয়া-মোনাজাত করার কর্মসূচি হাতে নিয়েছে। এজন্য বৃহস্পতিবার সকালে লিখিত আবেদন করে পুলিশের অনুমতি নেওয়া হয়। তারপরও ওই দিন রাত নয়টার দিকে বিএনপির কার্যালয়ের পেছনে সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মোশারেফ হোসেনের বাড়ির উঠানে অভিযান চালিয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, পৌর বিএনপির সম্পাদক মাজাহারুল ইসলামসহ বিএনপির ১২ জন নেতাকে আটক করে। এরপর তাঁদের গাড়িতে ওঠানো হয়। আধঘণ্টা বসিয়ে মামলার আসামি নয় বলে ছেড়েও দেয় পুলিশ।
বিএনপির নেতা ফারুক আরও বলেন, ‘এ ঘটনার পাঁচ ঘণ্টা পর রাত দুইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে উকিলপাড়ার নিজ বাড়ি থেকে হারুন অর রশিদকে গ্রেপ্তার করে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবার শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাইকিংয়ে বের হলে পুলিশ বিএনপির এক কর্মীকে ধরে নিয়ে যায়। পরে ছেড়ে দেয়। আসলে পুলিশ চায় না ভোলায় বিএনপি জিয়ার মৃত্যুবার্ষিকী পালন করুক।’
পুলিশ সুপার মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, হারুন অর রশিদ নাশকতাকারীদের মদদদাতা। তাঁর বিরুদ্ধে মামলাও আছে।