জীবন দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য প্রমাণ করেছেন তাজউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঙ্গবন্ধুর প্রতি তাজউদ্দীন আহমদের যে আনুগত্য ও ভালোবাসা, তা তিনি নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে গেছেন। কিন্তু বঙ্গবন্ধু তা জেনে যেতে পারেননি। আরও দুঃখের বিষয়, বাঙালি জাতি তাঁর গুণগ্রাহিতার পরিচয় দিতে আজও সফল হয়নি।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘অনুকরণীয় সেই মানুষটির কথা’ শীর্ষক তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় অধ্যাপক আনিসুজ্জামান এ কথা বলেন। তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এই অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ ও সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আখতারুজ্জামান বক্তব্য দেন। তাজউদ্দীন আহমদের দুই মেয়ে সাংসদ সিমিন হোসেন রিমি ও শারমিন আহমদও অনুষ্ঠানে বক্তব্য দেন।
বিএসএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের কামরুন নাহারকে ‘তাজউদ্দীন আহমদ শান্তি স্বর্ণপদক’ এবং একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ত্রপা মজুমদারকে ‘তাজউদ্দীন আহমদ মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ দেওয়া হয়েছে। এ ছাড়া তাজউদ্দীন আহমদের ওপর রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী পাঁচজনকে পুরস্কৃত করা হয়।