জুড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী চূড়ান্ত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী চূড়ান্ত করেছে। ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে ৩১ মার্চ ওই উপজেলায় নির্বাচন হবে।
দলীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন ইউনিয়নে দলের বর্ধিত সভা হয়। এর মধ্যে সমঝোতার মাধ্যমে গোয়ালবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও দলের উপজেলা কমিটির সদস্য শাহাব উদ্দিন আহমদ এবং সাগরনাল ইউনিয়নে যুবলীগের ইউনিয়ন কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরীকে একক প্রার্থী নির্ধারণ করা হয়। তবে জায়ফরনগর, পশ্চিম জুড়ী ও পূর্ব জুড়ী ইউনিয়নে একাধিক প্রার্থীর মধ্যে সমঝোতা হয়নি। পরে ওই তিনটি ইউনিয়নের সব প্রার্থীর নাম দলের কেন্দ্রের মনোনয়ন বোর্ডে পাঠানো হয়। গতকাল কেন্দ্র থেকে জায়ফরনগর ইউনিয়নে আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ও বর্তমান চেয়ারম্যান নজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি শ্রীকান্ত দাস ও পূর্ব জুড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্যে সালেহ উদ্দিন আহমদ ২০১৪ সালের দিকে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছিলেন।
দলীয় সূত্র জানায়, একক প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে স্থানীয় বিএনপির উদ্যোগে ২২ ফেব্রুয়ারি উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্ধিত সভা হয়। সভায় দলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে সদর জায়ফরনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাছুম রেজা, পশ্চিম জুড়ী ইউনিয়নে উপজেলা কমিটির সহসভাপতি হেলাল উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়নে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাগরনাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কমিটির সদস্য এমদাদুল ইসলাম চৌধুরী এবং গোয়ালবাড়ী ইউনিয়নে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক খানকে প্রার্থী নির্ধারণ করা হয়।
একক প্রার্থী বাছাইয়ের সত্যতা নিশ্চিত করে বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে পাঁচটি ইউনিয়নে তাঁদের প্রার্থীরা জয়ী হবেন।