জুড়ীতে ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ছাত্রলীগের সব কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির পক্ষ থেকে গত বুধবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপজেলায় দীর্ঘদিন ধরে ছাত্রলীগের দুটি কমিটি পৃথকভাবে দলীয় কার্যক্রম চালাচ্ছিল। উপজেলা ছাত্রলীগের একাংশের কমিটির সভাপতি ছিলেন জুয়েল রানা ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান এবং অপর অংশের সভাপতি শেখরুল রানা ও সাধারণ সম্পাদক আবদুল মতিন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানেও দুটি পক্ষের অনুমোদিত পৃথক কমিটি ছিল। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান ও সাধারণ সম্পাদক সাইফুর রহমানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের শৃঙ্খলা এবং স্বার্থ রক্ষায় জরুরি সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা ছাত্রলীগ ও এর অন্তর্ভুক্ত সব শাখা বিলুপ্ত করা হয়েছে বলে জানানো হয়।
এ ব্যাপারে ছাত্রলীগের সদ্যবিলুপ্ত একাংশের কমিটির সভাপতি জুয়েল রানা ও অপর অংশের কমিটির সভাপতি শেখরুল রানা তাঁদের প্রতিক্রিয়ায় জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বলে তাঁরা আশাবাদী।
জেলা ছাত্রলীগের সভাপতি মো. আসাদুজ্জামান গতকাল বৃহস্পতিবার মুঠোফোনে জানান, ৭-১০ দিনের মধ্যেই তাঁরা জুড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহের কাজ শুরু করবেন। এর পর যাচাই-বাছাই করে নতুন কমিটি গঠন করে দেওয়া হবে।