জুড়ে বসা ননী উড়ে গেলেন যুক্তরাষ্ট্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত করে দেশে এসেছিলেন তিনি। এরপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হন। শপথ নিয়ে আবার যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি।
বরিশালের বানারীপাড়া উপজেলার উদয়কাঠি ইউপির আলোচিত এই চেয়ারম্যানের নাম রাহাদ আহমেদ ওরফে ননী। তাঁর ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন ওরফে ছানা।
ইউনিয়ন পরিষদ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, গত ৮ মে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান হয় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে। ১৫ মে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন রাহাদ। ৩০ মে ইউনিয়ন পরিষদের মাসিক সভা ছিল। ওই সভা করেই ঢাকা চলে যান তিনি। ঢাকা থেকেই চলে যান যুক্তরাষ্ট্রে। এখন সেখানেই আছেন তিনি। বর্তমানে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে মূলত এলাকার সবকিছু নিয়ন্ত্রণ করেন মাওলাদ হোসেন।
গত ৩ মার্চ প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় ‘উড়ে এসে জুড়ে বসলেন ননী!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তিন মাস পর ওই ইউনিয়নের অবস্থা দেখতে যাওয়া। বানারীপাড়া সদর থেকে ট্রলারে সন্ধ্যা নদী পেরিয়ে প্রায় ১২ কিলোমিটার দূরে উদয়কাঠি ইউপি কার্যালয়। গত রোববার সকালে সেখানে যাওয়ার পথে ফেরিঘাট ও উদয়কাঠির সড়কের বিভিন্ন স্থানে অনেক পোস্টার ও প্ল্যাকার্ড চোখে পড়ল। তাতে লেখা ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় বরিশাল জেলার একমাত্র চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সর্বস্তরের জনসাধারণকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন’। পোস্টার ও প্ল্যাকার্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এবং সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসের ছোট আকারের ছবি থাকলেও রাহাদ আহমেদের ছবিটি বড়।
ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা গেল, দোতলা ইউপি ভবনের নিচতলায় পূর্ব পাশের চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ। কক্ষের সামনের দেয়ালে সাদা একটি কাগজে চেয়ারম্যানের নাম লেখা। তবে সেই কাগজও অর্ধেকটা উঠে গেছে।
ইউপি সচিবের কক্ষটি খোলা পাওয়া গেল। সেখানে গিয়ে চেয়ারম্যান কোথায় জানতে চাইলে ইউপি সচিব খোকন বিশ্বাস বলেন, ‘কোথা থেকে এসেছেন?’ চেয়ারম্যানের সঙ্গে কাজ আছে বললে তিনি বলেন, ‘তিনি তো যুক্তরাষ্ট্র চলে গেছেন। কী কাজ, আমাকে বলুন।’ চেয়ারম্যানকেই লাগবে এমন কথা শুনে তিনি বলেন, ‘তিনি কবে আসবেন বলতে পারব না। ঈদুল আজহার আগে আসতেও পারেন।’
রোববার মুঠোফোনে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্র থেকে রাহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি জরুরি কাজে এসেছি। আর যুক্তরাষ্ট্রে আমার পরিবার থাকে। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন। কাজেই কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
চেয়ারম্যান না থাকায় সমস্যা হচ্ছে কি না, জানতে উদয়কাঠির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বললে ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেন, এমনটা যে হবে, সেটা সবাই আগে থেকেই জানতেন। কারণ, রাহাদের স্ত্রী ডিভি পেয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। তিনিও অনেক দিন ধরে সেখানে থাকেন। ক্ষমতা আর টাকার জোরে চেয়ারম্যান হয়েছেন। এলাকা নিয়ে তাঁর কোনো মাথাব্যথা নেই।
২২ মার্চ প্রথম ধাপে উদয়কাঠি ইউপির নির্বাচন ছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মামুনুর রশীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এলাকায় এসে রাজনীতি শুরু করেন। তাঁর বাবা উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আজিজ তালুকদার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। কিন্তু মামুনের বদলে বরিশালের আওয়ামী লীগের নেতারা যুক্তরাষ্ট্রপ্রবাসী রাহাদ আহমেদকে দলীয় মনোনয়ন দেন।
১৫ ফেব্রুয়ারি দল থেকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে এলাকায় আসেন রাহাদ। শেষ দিন মনোনয়নপত্র জমা দেন। বিদ্রোহী প্রার্থী হিসেবে মামুন নির্বাচন করতে চাইলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাঁকে নির্বাচন করতে মানা করেন। বিএনপির যিনি প্রার্থী ছিলেন, তিনি কয়েক দিন ‘নিখোঁজ’ থাকার পর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে ফাঁকা মাঠে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন রাহাদ।
চেয়ারম্যান দেশে না থাকায় কোনো সমস্যা হচ্ছে কি না, জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘না, কোনো সমস্যা হচ্ছে না। আমি তো আছি। এলাকার লোকজন ডাকলেই তো আমাকে পায়।’ চেয়ারম্যান কবে আসবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘৩১ মে তিনি চলে গেছেন। বলছেন তো মাস খানেক পরে ফিরবেন। অপেক্ষা করেন। কিছুদিনের মধ্যেই চলে আসবেন।’
এ বিষয়ে জানতে চাইলে বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস বলেন, কোনো একজন ইউপি চেয়ারম্যান বিদেশে যেতে চাইলে ছুটি নিয়ে যান। এ ক্ষেত্রে জেলা প্রশাসকের মাধ্যমে তিনি আবেদন করে ১৫-২০ দিনের ছুটি নিয়ে যেতে পারেন। তবে রাহাদ আহমেদ ৩১ আগস্ট পর্যন্ত ছুটি নিয়ে গেছেন চিকিৎসার কথা বলে।