জেদ ও একগুঁয়েমি ছাড়তে বলল বাম জোট

‘জেদ ও একগুঁয়েমি’ ছেড়ে নির্বাচনী পরিবেশ তৈরির জন্য সরকারে প্রতি আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দাবি দিবস’-এর কর্মসূচি সমাবেশে জোটের নেতারা এ আহ্বান জানান।
সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৪ সালের নির্বাচনের পর ক্ষমতাসীনেরা দেশে নির্বাচন ব্যবস্থাকে অকার্যকর করেছে। প্রশাসনকে ব্যবহার করে নির্বাচনকে এখন প্রহসনে পরিণত করা হয়েছে। জোটের নেতারা মনে করেন, এ মুহূর্তে দেশে অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই। এ সরকার ও তাদের অনুগত নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব না।
ওই সমাবেশে বাম গণতান্ত্রিক জোট সবার মতামতের ভিত্তিতে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠন, বর্তমান সংসদ ভেঙে দেওয়া ও বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানায়। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোমবার ‘দাবি দিবস’ পালন করে সংগঠনটি।
জোটের সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক শাহ আলম, সিপিবির সাবেক সভাপতি মনজুরুল আহসান খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ। বিজ্ঞপ্তি।