জেল খাটাদের জন্য 'তৃণমূল ছাত্রলীগ'!
সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে ৭ মার্চ দুই পক্ষে সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্র থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়। এরপর আর জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম দেখা যায়নি। তবে কমিটি স্থগিত হলেও নেতা-কর্মীদের বেপরোয়া আচরণে গত পাঁচ মাসে একের পর এক অঘটন ঘটেছে। পুলিশের হাতে আটক ও গ্রেপ্তার নেতা-কর্মীর সংখ্যাও বাড়ছে। এ অবস্থায় জেল খাটা নেতা-কর্মীরা জোটবদ্ধ হয়ে গঠন করেছেন ‘তৃণমূল ছাত্রলীগ’। এর নেতৃত্বে থাকা ছাত্রলীগের স্থগিত জেলা কমিটির এক নেতা বিষয়টি স্বীকার করেছেন।
সিলেটে সর্বশেষ গত সোমবার রাতে হজরত শাহজালাল (রহ.) দরগাহর বার্ষিক ওরসের দায়িত্বে থাকা পুলিশের ওপর ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় পুলিশের ছয়জন সদস্য আহত হন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক মাসুদ কামাল সুফিসহ ১০ জনকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের আহত সদস্য শাহিন উদ্দিন বাদী হয়ে মামলা করলে আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
ঘটনাটি ‘ষড়যন্ত্র’ আখ্যা দিয়ে গত বুধবার সিলেট মহানগর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ ছাড়া মহানগর যুবলীগ গত বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। এ কর্মসূচিতে পৃথক ব্যানারেএকাত্ম হয়ে আত্মপ্রকাশ করে ‘তৃণমূল ছাত্রলীগ’।
ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে আলাপ করে জানা গেছে, জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত থাকার সুযোগে ‘তৃণমূল ছাত্রলীগ’ ব্যানারে সক্রিয় হয়েছেন স্থগিত কমিটির সহসভাপতি আলী হোসেন। বৃহস্পতিবার যুবলীগের বিক্ষোভসমাবেশে আলী হোসেন ‘তৃণমূল ছাত্রলীগ’ ব্যানার নিয়ে একাত্ম হন। ওই সমাবেশে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খানও উপস্থিত ছিলেন।
নগরের বাগবাড়ী এলাকার বাসিন্দা আলী হোসেন। ওই এলাকায় তাঁর অনুসারীদের নিয়ে রয়েছে ছাত্রলীগের একটি পক্ষ। গত ২৮ জুন নগরের শাহজালাল উপশহর এলাকায় চাঁদাবাজির ঘটনায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এক দিন জেল খেটে পরদিন জামিনে ছাড়া পান। এরপর থেকে আলী প্রায় মাস খানেক আড়ালে ছিলেন। ‘তৃণমূল ছাত্রলীগ’ ব্যানারে তাঁকে প্রথম প্রকাশ্যে দেখা যায়।
আলী হোসেন দাবি করেন, জেলা কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত থাকায় তাৎক্ষণিকভাবে তৃণমূল ছাত্রলীগ গঠন করা হয়েছে। তিনি বলেন, ‘ষড়যন্ত্রের মুখে পড়ে যাঁরা জেল খাটছেন, তাঁদের পক্ষে থাকবে তৃণমূল ছাত্রলীগ।’
নিজে জেল খাটার প্রায় দেড় মাস আড়ালে থেকে তৃণমূল ব্যানারে প্রকাশ্যে আসা প্রসঙ্গে আলী বলেন, ‘দেখুন, আমি ষড়যন্ত্রের শিকার ছিলাম। একইভাবে ওরসের রাতে পুলিশের ওপর হামলার ঘটনাটিও ষড়যন্ত্র।’