জেলগেট থেকে জেলা শিবির সভাপতি ফের গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের সভাপতি কুতুব উদ্দিন শিবলিকে জেলগেট থেকে ফের গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড থানার পুলিশ। আজ সোমবার বেলা দুইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কুতুব উদ্দিনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, গত বছরের ২৮ নভেম্বর সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকায় কুতুব উদ্দিনের বাড়িতে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। আট মাস কারাভোগের পর আজ জামিনে বের হয়ে এলে জেলগেট থেকে তাঁকে ফের গ্রেপ্তার করা হয়, যা দুর্ভাগ্যজনক। 

সীতাকণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, কুতুব উদ্দিন জেলা পর্যায়ের নেতা। তাঁর নির্দেশে গত বছরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। কুতুব উদ্দিনের বিরুদ্ধে ২৫টির মতো মামলা রয়েছে। জামিন নেওয়া মামলাগুলোর বাইরে নাশকতার অন্য মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।