জেলহত্যা দিবস উপলক্ষে আ.লীগের কর্মসূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩ নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে জনসভা, পুষ্পার্ঘ্য অর্পণ, কালো পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল।
গতকাল রোববার আওয়ামী লীগের যৌথ সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ৩ নভেম্বর বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে জেলহত্যা দিবসের জনসভা হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্রিফিংয়ে জানানো হয়, ৩ নভেম্বর ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কালো পতাকা প্রদর্শন ও কালোব্যাজ ধারণ করা হবে। ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে শায়িত সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও এম মনসুর আলীর কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজশাহীতে এ এইচ এম কামরুজ্জামানের কবরে একইভাবে শ্রদ্ধা নিবেদন করা হবে।
সংবাদ ব্রিফিংয়ে নীলফামারীতে বিএনপির নেত্রী খালেদা জিয়ার এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তৃতারও জবাব দেন মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘খালেদা জিয়া সরকারের পতন না ঘটানো পর্যন্ত ঘরে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছেন। এখন তিনি কোথায়? তিনি কি ঘরে ফিরেছেন? নাকি হোটেলে আছেন, না রাস্তায় ঘুরছেন? ওনার তো আবার হোটেলে ওঠার অভ্যাস আছে।’
খালেদা জিয়াকে উদ্দেশ করে হানিফ আরও বলেন, বর্তমান সরকারের বৈধতা নিয়ে কথা বলা মূর্খতা ও অজ্ঞতা ছাড়া আর কিছুই না। সরকার যদি বৈধ না হতো তাহলে প্রধানমন্ত্রী কীভাবে জাতিসংঘের অধিবেশনে অংশ নিলেন। বিভিন্ন রাষ্ট্রের আমন্ত্রণে ও বিভিন্ন সংস্থার বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন।
মির্জা ফখরুলের কথা উল্লেখ করে হানিফ বলেন, ‘তিনি কথা বলার সময় অর্বাচীনের মতো মিথ্যা বলেন।’ ভবিষ্যতে প্রধানমন্ত্রী সম্পর্কে কোনো বক্তব্য দেওয়ার আগে তাঁকে ভেবেচিন্তে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তিনি।
লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারের দাবিতে গতকাল ইসলামি দলগুলোর ডাকা হরতাল ব্যর্থ হয়েছে উল্লেখ করে মাহবুব উল আলম বলেন, লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আওয়ামী লীগ সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এ বিষয়ে নতুন করে বক্তৃতা, বিবৃতি বা হরতাল পুরোপুরি অযৌক্তিক। একাত্তরের পরাজিত শক্তির ইন্ধনে দেশকে অস্থিতিশীল করা ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার জন্যই এ হরতাল দেওয়া হয়েছে।
যৌথ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন মতিয়া চৌধুরী, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবদুর রাজ্জাক, মৃণাল কান্তি দাস প্রমুখ। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগসহ দলের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।