জেলহত্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঁচাত্তরের ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মাধ্যমে গতকাল সোমবার পালিত হয়েছে জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে ঢাকায় সকাল সাতটায় ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বনানী কবরস্থানে জাতীয় তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অপর জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের কবর রাজশাহীতে রয়েছে। সেখানেও আওয়ামী লীগের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়া ভোরে সূর্যোদয়ের ক্ষণে বঙ্গবন্ধু ভবনের ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
জিয়ার নির্দেশেই চার নেতাকে হত্যা করা হয়: সৈয়দ আশরাফ
বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের জেল হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা।’ মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, যখন সময় হবে তখন নির্বাচন হবে। এ বিষয়ে কোনো আভাস বা ইঙ্গিতের প্রয়োজন নেই।