জেলা কমিটির অনুমোদন দেওয়া চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করা হয়েছে। গত সোমবার বিকেলে সংবাদ সম্মেলন করে ওই কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা দেন উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতা-কর্মীরা। একই সময় তাঁরা জেলা বিএনপির শেখ ফরিদ আহমেদের কঠোর সমালোচনা করেন।
উপজেলার দোয়াভাঙ্গা-সূচিপাড়া রাস্তার পাশে বিএনপি নেতা দেলোয়ার হোসেনের ব্রিকফিল্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির অপর নেতা হাবিবুর রহমান বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর জেলা বিএনপি শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির কমিটি না ভেঙে এবং দলীয় গঠনতন্ত্র লঙ্ঘন করে দলের নিষ্ক্রিয় কয়েকজন নেতা-কর্মীকে দিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজকের এই সংবাদ সম্মেলনেই জেলা অনুমোদিত ওই কমিটি থেকে পাঁচজন যুগ্ম আহ্বায়ক তাঁদের পদত্যাগের ঘোষণা দিয়েছেন।’
হাবিবুর রহমান আরও বলেন, গত ৯ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান স্বাক্ষরিত পত্রের মাধ্যমে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। ওই পত্রে জেলা কমিটির উপজেলা ও পৌর কমিটি পুনর্গঠনের নির্দেশনাও রয়েছে। কমিটি গঠনে বিগত আন্দোলন-সংগ্রামে ত্যাগী এবং হামলা-মামলার শিকার নেতা-কর্মীদের মূল্যায়ন করতে বলা হয়। কিন্তু জেলা আহ্বায়ক শাহরাস্তিতে একটি পকেট কমিটির ঘোষণা দিয়েছেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ টি এম জিয়াউদ্দিন ও পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের অভিযোগ করেন, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হকের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার চারটি সাংগঠনিক কমিটি ভেঙে দিয়েছেন। ব্যক্তিগত ক্রোধের কারণেই তিনি দুই উপজেলার বিএনপিকে ধ্বংস করার মিশনে নেমেছেন।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী বলেন, ‘আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা অনুমোদিত কমিটি প্রত্যাখ্যান করলাম। তবে আমাদের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা কমিটিই বহাল থাকবে।’
জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ হাজীগঞ্জ ও শাহরাস্তির উপজেলা বিএনপিকে ধ্বংসের অভিযোগ অস্বীকার করে বলেন, উপজেলা ও পৌর কমিটি গঠনের দায়িত্ব জেলার। এখানে অন্য কেউ কমিটি গঠনের এখতিয়ার রাখেন না।’ তিনি দাবি করেন, সাংগঠনিক নিয়ম মেনেই তিনি কমিটির অনুমোদন দিয়েছেন।